সংস্কারের দায়িত্বে নেই কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কটির দৈর্ঘ্য মাত্র এক কিলোমিটার। কিন্তু এটি ফেনী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। ২০০৮ সালের পর এটির সংস্কার করা হয়নি। এতে সড়কটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

গুরুত্বপূর্ণ এ সড়কের আনুষ্ঠানিক কোনো নাম নেই। নেই কোনো অভিভাবকও। খানাখন্দে ভরা অভিভাবকহীন এ সড়ক সংস্কারের দায়িত্বে নেই সরকারের কোনো বিভাগ বা সংস্থা।

অভিভাবকহীন সড়কটিকে কেউ ‘হাজারী সড়ক’ বলেন, আবার কেউ বা বলেন ‘পাগলা মিয়া সড়ক’।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির একাধিক সভায় সড়কটির সংস্কারের প্রসঙ্গ তোলা হয়। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা—সবাই জানিয়ে দেয় যে সড়কটি তাদের নয়। তখনই পরিষ্কার হয়, এই সড়কের কোনো অভিভাবক নেই।

২০০১ সালের শুরুর দিকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশ ঘেঁষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পর্যন্ত কৃষিজমি ভরাট করে রাতারাতি একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়। এরপর সড়কটি মহিপাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও আদালত ভবনে আসা-যাওয়ার বিকল্প সড়ক হয়ে ওঠে। এই সড়ক নির্মাণের মূল উদ্যোক্তা ছিলেন ফেনীর তৎকালীন প্রভাবশালী ব্যক্তি ও আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারী।

ফেনী সদর উপজেলার পশ্চিমাঞ্চল ও দাগনভূঞা উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে। নির্মাণের পর এটি হাজারী সড়ক হিসেবে পরিচিতি পায়। পরবর্তী সময় কিছু ব্যক্তি সাইনবোর্ড ঝুলিয়ে পাগলা মিয়া সড়ক নাম দেন। কিন্তু ১৪ বছরেও এই সড়কের কোনো আনুষ্ঠানিক নাম দেওয়া হয়নি। সড়কটির দায়িত্বও নেয়নি কোনো সরকারি বিভাগ বা সংস্থা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালে বিএনপির স্থানীয় সাংসদ জয়নাল আবদীনের প্রচেষ্টায় জেলা পরিষদ প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকা করে। এরপর ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার করে। এর পর থেকে সড়কটি আর সংস্কার করা হয়নি।

স্থানীয় লোকজন জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজ তাঁদের বাসভবন থেকে কার্যালয়ে যাতায়াতের সহজ পথ হিসেবে প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। মাঝেমধ্যে ইটভাটার পরিত্যক্ত আদলা (ভাঙা ইট) ফেলে সড়কটি কোনো রকমে চলাচলের উপযোগী রাখা হয়। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই আবার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়।

ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, সড়কটি সংস্কার করা দরকার। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগামী সভায় সড়কটির মালিকানা ও সংস্কারের বিষয়ে আলোচনা হবে।

ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বলেন, সড়কটি সংস্কার করা খুবই জরুরি। তাই পৌরসভার না হলেও এটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেলে সড়কের দায়িত্ব পৌরসভার ওপরই ন্যস্ত হবে।