
কার্পেটিং ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই তাতে জমে যায় পানি। কিছু কিছু অংশে পিচের অস্তিত্বই নেই। যানবাহন চলে হেলেদুলে, ধীরগতিতে।
সংস্কারের দুই বছর না যেতেই এ রকম বেহাল দশা ২৫ কিলোমিটার দীর্ঘ খাগড়াছড়ি-পানছড়ি সড়কের। বর্তমানে যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি। হরহামেশা ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এটি ব্যবহারকারী জেলার পানছড়ি, তবলছড়ি ও তাইন্দংয়ের বাসিন্দাদের।
পানছড়ির বাসিন্দা প্রবীণ শিক্ষক শ্যামল জ্যোতি চাকমা বলেন, পানছড়ি থেকে জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। দুর্ভোগ সহ্য করে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হলে এ সড়কে চলাচল দায় হয়ে পড়ে।
পানছড়ি বাজার পরিচালনা কমিটির সহসভাপতি তপন কান্তি বৈদ্য বলেন, ‘সড়কের বেহাল অবস্থার কারণে কোনো গাড়ি মালামাল নিয়ে আসতে চায় না। আসলেও ভাড়া চায় দ্বিগুণ।’
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রতি কিলোমিটারেই ছোট-বড় অসংখ্য খানাখন্দ রয়েছে। আবার কিছু কিছু অংশ দেখে বোঝা দায়, সেখানে কখনো পিচঢালাই হয়েছিল। রাস্তাজুড়ে থাকা ছোট-বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি। এবড়োখেবড়ো রাস্তায় চাঁদের গাড়ি (জিপ), পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, বাস-ট্রাকসহ সব যানবাহন চলছে হেলেদুলে।
পিকআপ ভ্যানের চালক কবির হোসেন ও অংগ্যজাই মারমা বলেন, সড়কটি যখন ভালো ছিল, তখন পানছড়ি থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগত ৪৫ মিনিট। এখন এক ঘণ্টায়ও পৌঁছানো যায় না। আর খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রতিনিয়তই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, পানছড়ি-খাগড়াছড়ি সড়কটি সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরে সংস্কার করা হয়েছিল। ছয় কোটি টাকায় এ কাজ করা হয়। কিন্তু দুই বছর না যেতেই সড়কটি ভেঙেচুরে একাকার হয়ে গেছে। পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘বিভিন্ন সভায় আমি সড়কটি মেরামতের বিষয়টি উত্থাপন করেছি। গত বছর সওজের খাগড়াছড়ি কার্যালয় এ বিষয়ে আশ্বাসও দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হলো না।’
খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন চৌধুরী বলেন, সাধারণত সওজের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ—এই দুটি প্রকল্প থাকে। বর্তমানে উন্নয়ন খাতে কোনো প্রকল্প নেই। তবে রক্ষণাবেক্ষণ খাতের বরাদ্দ দিয়ে শিগগিরই সড়কটি মেরামত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।