
১৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সংস্কারের দুই বছরেই যশোর-বেনাপোল সড়ক বেহাল হয়ে পড়েছে। যশোর শহরের চাঁচড়া মোড় থেকে শার্শা উপজেলার নাভারণ মোড় পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।
২০ আগস্ট সকালে সরেজমিনে দেখা গেছে, চাঁচড়া মোড় থেকে পুলেরহাট বাজার ছাড়িয়ে অন্তত এক কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপরে অসংখ্য গর্তের মধ্যে কাদা-পানি। সড়কের বেশি নাজুক ওই অংশটুকু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো হেলেদুলে পার হচ্ছে। তীব্র ঝাঁকুনিতে বাসের যাত্রীদের অবস্থা কাহিল।
সাতক্ষীরার ভোমরা বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া আলুবাহী ট্রাকের চালক মো. শাহিন বলেন, যশোর শহর থেকে নাভারণ মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেশি খারাপ। বর্ষার আগে রাস্তাটা মোটামুটি ভালো ছিল। তখন এই ২৩ কিলোমিটার পথ যেতে সময় লাগত এক ঘণ্টার মতো। এখন সেখানে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগে যাচ্ছে। নষ্ট হচ্ছে ট্রাকের যন্ত্রপাতি। তা ছাড়া ধীর গতিতে ট্রাক চালানোর কারণে রাতে ডাকাতের আতঙ্কে থাকতে হয়।
বেনাপোলগামী যাত্রীবাহী বাসের মালিক ও চালক মো. রুমি খান বলেন, রাস্তাজুড়ে খানাখন্দ। চলাচলে খুবই সমস্যা হচ্ছে। দিন পাঁচেক আগে রাস্তার মধ্যে আট হাজার টাকা দামের একটি টায়ার ফেটে যায়। গাড়ির স্টিয়ারিং ভেঙে যাচ্ছে। ঝাঁকুনিতে গিয়ার-বক্সের যন্ত্রপাতি খুলে যাচ্ছে। শিগগির রাস্তা ঠিক না করলে গাড়ি চালানো হয়তো বন্ধ করে দিতে হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর শহরের দড়াটানা মোড় থেকে নাভারণ মোড় পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৩ সালের ৩০ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃপক্ষকে কার্যাদেশ দেওয়া হয়। সংস্কারের জন্য ব্যয় ধরা হয় ১৭ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৯৩৫ টাকা। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ছয় মাসের মধ্যে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি সওজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। সংস্কারের এক বছরের মাথায় সড়কের বিভিন্ন স্থানের বিটুমিনের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়। তখন সওজ নষ্ট জায়গা ঠিক করে দেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানকে চিঠি দেয়। প্রতিষ্ঠানটি তখন কিছুটা মেরামতও করে দেয়। চলতি বছরের বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল বলেন, সংস্কারকাজ শেষ হওয়া থেকে ন্যূনতম তিন বছর সড়কটি ভালো থাকবে এটা আমরা আশা করি। কিন্তু এই সড়কটি মেরামতের এক বছরের মাথায় কার্পেটিং ওঠে যায়। সড়কটি সংস্কারের সময় যে বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান যথেষ্ট ঠিক ছিল না। যে কারণে নির্দিষ্ট সময়ের আগেই সড়ক নষ্ট হয়েছে।
অভিযোগ অস্বীকার করে পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী প্রকৌশলী আজমল হক সরকার বলেন, ‘বিটুমিন তো সরকারের কাছ থেকে নেওয়া হয়। মান খারাপ থাকলে তার জন্য দায়ী হবে সরকার। আর পাথরের মান যথেষ্ট ভালো ছিল। তা ছাড়া ওই সড়কে আমরা শুধু টপলেটের (ওপরের কার্পেটিং) কাজ করেছিলাম। অনেক জায়গায় বেজমেন্ট ভালো ছিল না। যেখানে বেজমেন্ট খারাপ ছিল, সেখানে দ্রুত নষ্ট হয়েছে।’
নির্বাহী প্রকৌশলী জানান, ‘বর্ষা শেষ হলেই সড়কের গর্ত ভরাট করে চলাচল উপযোগী করা হবে। সড়কটি পুনর্নির্মাণের জন্য আগামী অর্থবছরে প্রস্তাব পাঠানো হবে।’