সংস্কারের দুই মাসেই বাঁধে ফাটল, আতঙ্কে মানুষ
রাজশাহীর বাগমারায় কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কার করা বন্যানিয়ন্ত্রণ বাঁধে দুই মাস না যেতেই ফাটল ধরেছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, কোনোরকমে বাঁধ সংস্কার ও ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, দুই মাস আগে সংস্কার করা পাউবোর বাঁধের ছয়টি স্থানে ফাটল ও আট-নয়টি স্থানে ধসের সৃষ্টি হয়েছে। ফকিন্নী নদীর পাশে অবস্থিত বাঁধটিতে বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই অবস্থার সৃষ্টি হয়। বাঁধের বিভিন্ন স্থান দিয়ে বন্যার পানি ঢুকে পড়ছে বাঁধের পূর্ব পাশের বিলে। লোকজন বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।
নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী বার্যালয় সূত্র জানায়, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১ হাজার ৩০ মিটার সংস্কারের জন্য গত অর্থবছরে ৯২ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। সে অনুযায়ী দরপত্রের মাধ্যমে শাহজালাল নামের এক ঠিকাদার কাজ পেলেও উপঠিকাদার হিসেবে নাটোরের কানাইখালীর দস্তার হাসান কাজটি করেন। ১৩ মে কাজটি শুরু করেন ঠিকাদার। শেষ না করেই ১৬ জুন ঠিকাদার কাজ ফেলে চলে যান।
দস্তার হাসান মুঠোফোনে বলেন, অবশিষ্ট কাজ তিনি শেষ করবেন। এরপর গতকাল বুধবার দুপুরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
কালিকাপুরের দুলাল ও আবদুল মজিদ, মানসিংহপুরের মজিদসহ সাত-আটজন বলেন, যেনতেনভাবে সংস্কার করায় আগের অবস্থাই দেখা দিয়েছে। নদীর পানি বাড়ায় তাঁরা আতঙ্কে আছেন। এ জন্য তাঁরা বস্তায় বালু ভরে বাঁধের দুর্বল স্থানে ফেলছেন।
নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, ‘আমি এখনই লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।’