সংস্কারের দুই সপ্তাহও হয়নি, পলেস্তারা খসে পড়ল শিক্ষকের মাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার কে কে গভ. ইনস্টিটিউশনে পলেস্তারা খসে পড়ে প্রধান শিক্ষক আহত হয়েছেন। সংস্কারের দুই সপ্তাহ না যেতেই গত বুধবার পলেস্তারা (আস্তর) খসে পড়ার ঘটনা ঘটে। কে কে গভ. ইনস্টিটিউশনের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক এবাদুল ইসলাম গত বুধবার বিকেলে নিজ কক্ষে বসে কাজ করছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাঁর মাথায় ও টেবিলে পড়ে। প্রধান শিক্ষকের চিৎকারে পাশের কক্ষ থেকে অন্য শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করেন। পলেস্তারার আঘাতে প্রধান শিক্ষকের শরীরের বিভিন্ন স্থানে কিছুটা কেটে যায়। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কে কে গভ. ইনস্টিটিউশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের পুরোনো একাডেমিক ভবনের সংস্কারসহ জন্য চুনকামের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ছয় লাখ টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তালহা এন্টারপ্রাইজ। অভিযোগ উঠেছে, ভালোভাবে সংস্কার না করেই চুনকাম করা হয়। এ কারণেই পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে।প্রধান শিক্ষক এবাদুল ইসলাম বলেন, সংস্কারের দুই সপ্তাহ হয়নি, তাতেই পলেস্তারা খসে পড়েছে।গত বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম এ হান্নান ঘটনাস্থল পরিদর্শনের পর প্রথম আলোকে বলেন, একেবারে নিম্নমানের কাজ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তালহা এন্টারপ্রাইজের হয়ে এই কাজ করা ঠিকাদার মো. ইমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।