সংস্কারের নামে বরাদ্দ লুটপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পাঁচটি হাসপাতালের ভবন সংস্কারকাজের জন্য ছয় মাসের ব্যবধানে দুবার অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রথম দফায় যেনতেনভাবে কাজ করে বেশির ভাগ টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্বিতীয় দফায়ও দ্বিগুণ অর্থ বরাদ্দ নিয়ে একই রকম কাজ করা হচ্ছে বলে জানা গেছে।
গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা, গত বছরের মে মাসে গাইবান্ধা সদর হাসপাতাল, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সংস্কারের জন্য মোট ২৪ লাখ সাত হাজার টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে গাইবান্ধা সদর হাসপাতালে ছয় লাখ ৬৫ হাজার, সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিন লাখ ৯৩ হাজার, সুন্দরগঞ্জে চার লাখ ১২ হাজার, সাঘাটায় তিন লাখ ৮৬ হাজার ও ফুলছড়িতে পাঁচ লাখ ৫১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই কাজের ঠিকাদারি পায় রংপুরের প্রতিষ্ঠান মেসার্স রোলেক্স কনস্ট্রাকশন। ওই বছরের আগস্টে কাজ সম্পন্ন দেখানো হয়।
তবে হাসপাতালগুলো ঘুরে সংস্কারকাজের অস্তিত্ব পাওয়া যায়নি। ২২ মার্চ সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণীর আবাসিক কোয়ার্টার ভবনের ছাদ ধসে পড়ছে। বারান্দার খুঁটির অংশবিশেষও ধসে গেছে। দরজা-জানালাগুলোর অবস্থা জরাজীর্ণ। প্রতিষ্ঠানের নৈশপ্রহরী মিলন মিয়া বলেন, ‘আমি তিন বছর ধরে এই কোয়ার্টারে বসবাস করছি। কিন্তু এ সময় কোনো সংস্কারকাজ করতে দেখিনি।’
ফুলছড়ি উপজেলার উদাখালীতে অবস্থিত ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও শৌচাগার সংস্কারকাজের কোনো চিহ্ন মেলেনি। পুরুষ ওয়ার্ডের শৌচাগারের পানির লাইনে ট্যাপ না থাকায় অবিরাম পানি পড়ছে। নিষ্কাশনের ব্যবস্থাও নেই। ফলে জমে থাকা পানিতে মল-মূত্র ভাসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবিকা বলেন, কিছুদিন আগে কেবল অফিস কক্ষের প্রস্রাবখানায় নামমাত্র কাজ করা হয়। যেখানে কাজ করা দরকার সেখানে করা হয়নি।
গাইবান্ধা সদর হাসপাতালে গিয়েও শৌচাগার সংস্কারকাজের চিহ্ন চোখে পড়েনি। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, প্রতিবছর সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটপাট হয়। কিন্তু কাজ হয় না। দরজা-জানালা ও ঘরের দেয়াল না ঘষেই রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হাসপাতালের পুরুষ, নারী ও শিশু ওয়ার্ড দেখলে লুটপাটের প্রমাণ মেলে। কারণ, শৌচাগারের পানির লাইন ও দরজা একেবারেই ভাঙাচোরা।
এদিকে প্রথম দফা সংস্কারকাজের তিন মাস না যেতেই ৪৬ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে ওই পাঁচটি হাসপাতালের ভবন সংস্কারে অক্টোবরে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে গাইবান্ধা সদর হাসপাতালে নয় লাখ ৬০ হাজার, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় লাখ ১৪ হাজার, সাদুল্যাপুরে আট লাখ ৯৫ হাজার, সাঘাটায় ১০ লাখ ১৫ হাজার ও সুন্দরগঞ্জে আট লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফার কাজ শুরু হয়। এ কাজে শুভঙ্করের ফাঁকি চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
জানতে চাইলে সিভিল সার্জন আহাদ আলী বলেন, ‘আমরা ভালোভাবে কাজ বুঝে নেওয়ার চেষ্টা করেছি। তবে কোথাও কোথাও সংস্কারকাজে অনিয়ম হতে পারে, সেটা দেখার দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল বিভাগের।’
গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, টাকা লুটপাটের অভিযোগ ঠিক নয়। ঠিকাদারেরা সাধারণত সুচতুর থাকেন। তাঁদের দ্বারা শতভাগ কাজ করে নেওয়া সম্ভব হয় না। তার পরও কাজ বুঝে নেওয়া হয়। এ ছাড়া চলতি বছরের কাজ শেষ করার সময় আছে। নিয়মানুযায়ী কাজ বুঝে নেওয়া হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রোলেক্স মিয়া বলেন, ‘দরপত্রের নিয়ম অনুযায়ী সংস্কারকাজ করা হয়। অথচ একটি মহল ঈর্ষান্বিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে যেসব হাসপাতালে কাজ হচ্ছে, তা সঠিকভাবে হবে।’