সংস্কারের নামে লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়ক সংস্কারের নামে অনিয়ম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সংস্কারকাজ করে ঠিকাদার কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে স্থানীয় লোকজন দাবি করেন।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল থেকে গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত ৪৮ কিলোমিটারের মধ্যে ৩৮ কিলোমিটার খানাখন্দে ভরা। মহাসড়কের এই অংশটুকু সংস্কারের জন্য (গর্ত ভরাট) পাঁচ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ঈদের আগে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসমাইল হোসেনকে কার্যাদেশ দেওয়া হয়েছে।গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদীর উত্তর পালরদী গিয়ে দেখা যায়, ঠিকাদারের লোকজন মহাসড়ক সংস্কার করছেন। খানাখন্দে (গর্ত) ভরা সড়কে নামমাত্র পিচ ও পাথর বিছিয়ে শ্রমিকেরা হাত দিয়ে রোলারের ফিনিশিং কাজ করছেন। কাজ করার পর এ পথে গাড়ি যাওয়ায় সেগুলো উঠে গেছে। কোনো কোনো গর্তে পাথর না দিয়ে ইটের খোয়া ও বালু দেওয়া হচ্ছে। ছোটখাটো গর্তগুলোতে কোনো কাজই করা হচ্ছে না।উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের আ. সাত্তার হাওলাদার জানান, বোল্ডার ভাঙা পাথর দিয়ে মহাসড়ক সংস্কারের কথা থাকলেও ঠিকাদারের লোকজন মাটিমাখা সিঙ্গেলস (মরা পাথর) দিয়ে কাজ করছেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ জানান, কয়েক দিন ধরে ঠিকাদারের লোকজন নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে মাহিলাড়া ও বাটাজোরসহ বিভিন্ন স্থানে কাজ করছেন। এ কারণে স্থানীয় লোকজন কাজে বাধা দেন। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে ঠিকাদার নামমাত্র সড়ক সংস্কারকাজ অব্যাহত রেখেছেন।গৌরনদীর কটকস্থল গ্রামের আনিসুর রহমান জানান, ঠিকাদার নামমাত্র কাজ করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। সড়কের মেরামতকাজ সম্পন্ন করতে না করতেই তা উঠে যাচ্ছে। বিষয়টি সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে তদারকের কাজে নিয়োজিত প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, গর্ত ভরাটের কাজ সঠিকভাবে চলছে।বরিশাল সওজের উপ-প্রকৌশলী শিশির কুমার বলেন, তদারকির কাজে নিয়োজিত কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কিছু সমস্যা হলেও পরবর্তী সময়ে সঠিকভাবে কাজ আদায় করে নেওয়া হচ্ছে।