সংস্কারের পর এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলগেট থেকে তালাইমারী মোড় পর্যন্ত রাস্তা এমনই বেহাল l প্রথম আলো
রেলগেট থেকে তালাইমারী মোড় পর্যন্ত রাস্তা এমনই বেহাল l প্রথম আলো

সংস্কারের এক মাসের মাথায় রাস্তাটির কার্পেটিং উঠে যাচ্ছিল। পত্রিকায় লেখালেখির পর আবার ওই রাস্তা সংস্কার করা হয়। কিন্তু সেই সংস্কার করা রাস্তাই আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের রেলগেট এলাকা থেকে তালাইমারী মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নিয়ে এসব ঘটনা ঘটেছে। অভিযোগ, নিম্নমানের কাজ করায় কোনো সংস্কারই কাজে লাগছে না।
২০১৪ সালের জুলাই মাসের শেষ দিকে ঈদুল আজহার আগে ভালো রাস্তার ওপরে কার্পেটিং করা হয়। তখনই অভিযোগ ওঠে, ৩ কোটি ৭০ লাখ টাকার এই কাজ একটি প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু বাস্তবে সিটি করপোরেশনের ১৭ জন কাউন্সিলর পরোক্ষভাবে এই কাজের সঙ্গে জড়িত। তাই কাজও হয়েছিল অতি নিম্নমানের। এ কারণে এক মাসের মাথায় সেই কার্পেটিং উঠে যেতে থাকে।
এ নিয়ে ২০১৪ সালের ৩০ আগস্ট প্রথম আলোয় ‘সমঝোতায় কাজ এক মাসেই ধ্বংস’ শিরোনামে একটি খবর ছাপা হয়। তারপর রাস্তাটি আবার সংস্কার করা হয়। মাঝখানে ২০১৫ সালের বর্ষা মৌসুমটা পার হয়েছে। কিন্তু আবার সেই কার্পেটিং উঠে যেতে থাকে। রাস্তার বেশির ভাগ জায়গায় ওপর থেকে নতুন কার্পেটিং উঠে গিয়ে পুরোনো রাস্তা বের হয়ে গেছে। কোনো কোনো স্থানে কার্পেটিংয়ের পাথর উঠে গিয়ে গাড়ির কারণে রাস্তার এক পাশে জড়ো হয়ে রয়েছে। এখন এর ওপর দিয়ে গাড়ি চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, তালাইমারী মোড় থেকে উত্তরের দিকে ভদ্রা মোড়ের দিকে যেতে রাস্তার বাঁ পাশের অংশের কার্পেটিং উঠে গিয়ে আগের রাস্তা বের হয়ে এসেছে। কয়েকটি জায়গায় গর্ত হয়েছিল, সম্প্রতি সেই জায়গাগুলোতে ইটের খোয়া ফেলে রোলার করে দেওয়া হয়েছে। ভদ্রা স্মৃতি অম্লানের গোলচত্বরের দক্ষিণ পাশে ওপরের কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে। গর্তের নিচে আগের রাস্তার কার্পেটিং দেখা যাচ্ছে। রেশম বোর্ডের সামনের পাথর উঠে গিয়ে রাস্তার এক পাশে জড়ো হয়েছে। শুভ পেট্রল পাম্পের পাশেও একইভাবে কার্পেটিং উঠে গিয়ে আগের রাস্তা বের হয়ে এসেছে। এই এলাকায় রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে উঠে যাওয়া খোয়া।
গতকাল শুক্রবার রাজশাহী রেশম বোর্ডের সামনে দাঁড়িয়ে কথা হয় কয়েকজন ইজিবাইকচালকের সঙ্গে। রাজু ইসলাম (২৮) নামের এক চালক বলেন, গত বুধবার সন্ধ্যার পর তালাইমারী মোড়ে তাঁর গাড়ি যাত্রীসহ উল্টে যায়। আরেক চালক সাইদুল ইসলাম (৪০) বলেন, এই রাস্তার কারণে গাড়ি জোরে চালানো যায় না। ধীরে ধীরে যেতে হয়। সময় লাগে বেশি। গাড়ির টায়ার, ইঞ্জিনও ঘন ঘন নষ্ট হয়। যাত্রীদেরও ভোগান্তি চরমে।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রথম আলোকে বলেন, সে সময় কাজের মান কিছুটা খারাপ হয়েছিল, তাই বলে এখনই কার্পেটিং উঠে যাবে, এতটা খারাপ ছিল না। তবে সমস্যাটা হয়েছে রাস্তার দুপাশের নালা বন্ধ করে গ্যারেজ তৈরি করায়। নালা বন্ধ হয়ে যাওয়ায় এই রাস্তা থেকে সহজে পানি নিষ্কাশন হয় না। এ জন্য সহজেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এখন যত ভালো করেই এই রাস্তা করা হোক, নালা সচল না করলে রাস্তা ঠেকানো যাবে না।
তাহলে করণীয় কী—এ প্রশ্নে প্রধান প্রকৌশলী বলেন, বিষয়টি পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। অবৈধ গ্যারেজগুলো সরিয়ে নালা সচল করতে হবে।