সংস্কারের পরও সড়ক চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম সড়ক এক বছর আগে সংস্কার করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু এই সংস্কার কোনো উপকারে আসেনি। সংস্কার করা স্থানগুলোর পিচ-পাথর উঠে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। এর প্রায় চার কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সাত-আটজন ব্যক্তি অভিযোগ করেন, সড়কটি সংস্কার করার পর দুই মাসও টেকেনি। পরিকল্পনামাফিক সংস্কার না করে সংস্কারের নামে সরকারি অর্থ অপচয় করা হয়েছে। ফলে প্রতিদিন শত শত যানবাহন ও বহু যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছে। ঈদে ঘরমুখী মানুষের কষ্ট আরও বেড়েছে।
সওজ বিভাগ বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বলেন, গত বছর সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু সড়কের ওপর জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সংস্কার কোনো উপকারে আসেনি। সড়কটির সমস্যার স্থায়ী সমাধানের জন্য কৌশলগত নতুন পদক্ষেপ নেওয়া হবে।
সড়কে চলাচলকারী যানবাহনের ১০-১২ জন চালক বলেন, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলা এবং পাশের নাটোর ও রাজশাহীর লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সময় কম লাগে তাই এই সড়ক দিয়ে প্রতিদিন বগুড়ার নন্দীগ্রাম ও নাটোরের বহু পণ্যবাহী ট্রাক, বাস যাতায়াত করে।
সরেজমিনে দেখা যায়, পিচ-পাথর উঠে যাওয়ায় সড়কের দুবলাগাড়ী, চকপোতা, হঠাৎপাড়া ও কেল্লা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। এ ছাড়া সড়কের শেরপুর শহর পুলিশ ফাঁড়ির কার্যালয় থেকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম সড়ক মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটারের বিভিন্ন স্থানে বহু গর্ত হয়েছে এবং বেশ কিছু স্থানে সড়কের কাঠামো ধসে গেছে।
এই সড়কে নিয়মিত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রাজ্জাক জানান, সড়কের গর্তে পড়ে প্রতিদিনই কোনো না কোনো গাড়ি বিকল হচ্ছে। তাঁরা যে টাকা আয় করেন তার বেশির ভাগ গাড়ি মেরামতের জন্য চলে যাচ্ছে।
দারুগ্রামের শিক্ষক নিপেন সরকার বলেন, প্রায় দেড় যুগ ধরে এ সড়কে জনদুর্ভোগ বেড়েই চলেছে। সংশ্লিষ্ট বিভাগ সড়কটির স্থায়ী সমাধানের উদ্যোগ না নিয়ে সংস্কার করে সরকারি টাকা অপচয় করে চলেছে।