সংস্কারের বর্জ্যে চার দিন ধরে সড়ক বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি সড়কটি দিয়ে চার দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংস্কারকাজ করার পর সেই বর্জ্য সড়কের মাঝখানে স্তূপ করে রাখায় সড়কটি বন্ধ আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচল করা মানুষজন।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় মাঝামাঝি অংশে বাতিল হওয়া সুরকির স্তূপ। হেঁটে মানুষ চলাচল করতে পারলেও চলছে না কোনো যানবাহন। রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন না জেনে সড়কটিতে ঢুকে ওই অংশে পৌঁছার পর বিপাকে পড়ছে। পরে কেউ রিকশা ছেড়ে হেঁটে পার হচ্ছেন আবার অনেকে রিকশা উল্টো পথে ঘুরিয়ে চলে যাচ্ছেন। এ সময় দুটি ব্যক্তিগত গাড়িও উল্টো পথে ঘুরে যায়।
পথচারী ও স্থানীয় লোকজন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, গত মঙ্গলবার গুলকিবাড়ি সড়কের কিছু অংশ তুলে আবার নতুন করে নির্মাণ করা হয়। সে সময় তুলে ফেলা সড়কের পরিত্যক্ত সুরকি ও পিচ সড়কটির মাঝখানে স্তূপ করে রাখা হয়। কিন্তু চার দিনেও তা সরানো হয়নি। কোনো ঘোষণা ছাড়াই সড়কটি এভাবে বন্ধ থাকায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
গুলকিবাড়ি সড়কের দুই পাশে কয়েক হাজার পরিবারের বসবাস। সড়কটির এক কিলোমিটারের চেয়ে কম দূরত্বে সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা অনেকেই গুলকিবাড়ি এলাকায় বসবাস করেন। সড়কটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
আজহারুল ইসলাম নামের একজন পথচারী বলেন, রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ। মানুষের এই ভোগান্তি নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের যেন কোনো মাথাব্যথা নেই।
ময়মনসিংহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া বলেন, বিষয়টি আজই (শুক্রবার) তিনি জেনেছেন। পৌরসভার পক্ষ থেকে দ্রুত সড়কের বর্জ্য সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।