সংস্কারের সংলাপে দলগুলোর সঙ্গে পেরে উঠবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার এক বছর পূর্ণ হওয়ার পর সরকারের কাজের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মূল্যায়ন ছিল ‘মিশ্র’। ওই সময় কূটনীতিকদের ধারণা ছিল, সংস্কার নিয়ে সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার পেরে উঠবে বলে মনে হয় না। কেননা, সরকারের চেয়ে দলগুলো রাজনৈতিকভাবে বেশি চতুর।২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে পাঠানো ঢাকায় মার্কিন দূতাবাসের গোপন তারবার্তায় এসব কথা বলা হয়। গত ৩০ আগস্ট ওই তারবার্তা ফাঁস করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস।২০০৮ সালের ৩ ও ৪ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহাকারী মন্ত্রী ডন ক্যাম্প। ওই সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের মিশন-প্রধানদের সঙ্গে এক প্রাতঃরাশ আলোচনায় যোগ দেন তিনি। এতে উপস্থিত ছিলেন জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় কমিশনসহ বিভিন্ন সংস্থার মিশন-প্রধানেরা। ওই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিশন-প্রধানেরা নিজেদের মতামত ব্যক্ত করেন।বৈঠকে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জানান, তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমন কমিশনকে কার্যকর স্বাধীনতা দেওয়ায় সফলতা পাওয়া গেছে। কিন্তু প্রশাসনিক সেবাদানে সরকারের অক্ষমতা এখনো একটি বড় সমস্যা। সরকার এই সমস্যার সমাধান করতে পারবে বলে মনে হয় না।সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, সরকারের চেয়ে দলগুলো রাজনৈতিকভাবে বেশি চতুর। এ জন্য রাজনৈতিক দল ও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় দলগুলোর সঙ্গে সরকার পেরে উঠবে বলে মনে হচ্ছে না।২০০৮ সালের শেষ নাগাদ নির্বাচন যাতে সম্পন্ন হয়, সে জন্য তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দেওয়া প্রয়োজন বলে একমত হন কূটনৈতিক মিশন-প্রধানেরা। এ জন্য বিষয়টিকে জোর দিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য মার্কিন মন্ত্রী ক্যাম্পের প্রশংসা করেন জার্মান মিশনের প্রধান। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বাণিজ্য ও বিনিয়োগের বড় বড় সিদ্ধান্ত ঝুলে আছে। কেননা, রাজনৈতিক হস্তান্তর-প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন সম্ভাব্য বিনিয়োগকারীরা।