সংস্কারের ১১ দিনে ফের ভাঙল পাটাতন
বগুড়ার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলি সেতু মেরামতের ১১ দিন পর আবার পাটাতন ভেঙে গেছে। দুর্ঘটনা এড়াতে সেখানে সতর্কতামূলক লাল পতাকা ওড়ানো হয়েছে।বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ধুনট-শেরপুর পাকা রাস্তার মাঠপাড়া গ্রামে ১৯৯২ সালে ৩০ মিটার দীর্ঘ বেইলি সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে নিয়মানুযায়ী সেতুর ওপর দিয়ে সর্্বোচ্চ ১০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন যানবাহন চলাচলের নিয়ম ছিল। সেই নিয়ম উপেক্ষা করে সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ৪০ মেট্রিক টন ওজনের পাথর বোঝাই ট্রাক পারাপার হয়েছে। অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে সেতুর পাটাতন নষ্ট হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই সেতুর কয়েকটি পাটাতন ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে সেতুটি সংস্কার করে। সঠিকভাবে সংস্কার না করায় ৪ ফেব্রুয়ারি সকালে সেতুর একটি পাটাতন ভেঙে ফাঁকা হয়ে পড়ে। এ অবস্থায় ৬ ফেব্রুয়ারি বগুড়া সওজ বিভাগ থেকে সেতুটি আবার মেরামত করা হয়। মেরামতের ১১ দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে সেতুর পাটাতন আবারও ভেঙে পড়েছে। এই ভাঙা সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে বগুড়ার সঙ্গে ধুনট, সোনামুখী, গোশাইবাড়ী, মথুরাপুর, জোড়শিমুল, ঢেকুরিয়া, সোনাহাটাসহ সাতটি সড়কের যানবাহন চলাচল করছে। পথচারীদের দুর্ঘটনা এড়াতে যানবাহনের শ্রমিকেরা সেখানে সতর্কসংকেত হিসেবে লাল পতাকা উড়িয়ে দিয়েছেন।বগুড়া সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, অনেক দিন আগে নির্মিত বেইলি সেতুর আয়ুষ্কাল প্রায় শেষ হয়েছে। নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচলের কারণে সেতুর পাটাতন নষ্ট হয়ে গেছে। বর্তমানে মেরামতের মালামাল না থাকায় এগুলো বদলানো সম্ভব হচ্ছে না। তবে পুরোনো পাটাতন দিয়ে দু-এক দিনের মধ্যে সেতুর ভাঙা স্থান সংস্কার করা হবে।