সংস্কারের ১৫ দিনের মধ্যেই ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের মাত্র ১৫ দিনের মধ্যে অধিকাংশ স্থানেই ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া টাকার অভাবে মাঝপথে সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত অর্থবছরে খুলনা থেকে চুকনগর পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়কে ভাঙাচোরা রাস্তা মেরামত শেষে ৪০ মিলিমিটার পুরু করে পিচ-পাথরের প্রলেপ (ওভারলে) দেওয়ার ১৩ কোটি ২৮ লাখ টাকার কাজটি খুলনার ‘পারিশা-আজাদ-মুজহার জেভি’কে দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার ১০ মাস পর এ বছর মে মাসে তাঁরা চুকনগর এলাকা থেকে কাজটি শুরু করেন। চুকনগর থেকে খর্ণিয়া এলাকা পর্যন্ত পিচ-পাথরের প্রলেপ দেওয়ার পর কর্তৃপক্ষের ইচ্ছায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সবচেয়ে খারাপ জায়গা দেখে ৩৩ কিলোমিটারের মধ্যে খণ্ড খণ্ড অংশে ১৭ দশমিক ৪৩ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু মেরামতকাজ শেষ হতে না হতেই রাস্তার অধিকাংশ স্থানে ফাটল দেখা দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নতুন রাস্তার অবস্থা পুরাতন রাস্তার থেকেও খারাপ দেখা যাচ্ছে। ডুমুরিয়ার শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার বলেন, রাস্তায় পিচ-পাথরের ঢালাই করার ১৫ দিনের মধ্যেই কোনো কোনো স্থানে ফাটল দেখা দিয়েছে। অনেক স্থানে রাস্তা ফেটে জালের মতো হয়ে গেছে। খর্ণিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ বলেন, রাস্তা করতে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও নতুন করা রাস্তার আগামাথা সব জায়গায় ফাটল ধরেছে। যেনতেনভাবে ঠিকাদার এ রকম কাজ করলেও কর্তৃপক্ষের তা চোখে পড়ছে না।রাস্তার কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই ফাটল ধরা প্রসঙ্গে ঠিকাদার তহিদুল ইসলাম বলেন, ‘ওগুলো আসলে ফাটা না, হেয়ার ক্যাক। ওই ফাটায় কোনো সমস্যা হবে না। ভালো রোদ পেলেই সব ঠিক হয়ে যাবে। কাজের মাঝপথে সরকার প্রকল্পটি বাতিল করে দেওয়ায় ৩৩ কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলো চলাচলের অনুপযুক্ত ছিল, সেটুকুই সংস্কার করা হয়েছে। তাই কিছুটা সমস্যা হতে পারে।’ নতুন করা সড়কে ফাটল ধরার কথা স্বীকার করে সওজ (খুলনা) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রেজ্জাক বলেন, ‘আমরা ইতিমধ্যে ওই ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, কাজের সময় হঠাৎ হঠাৎ বর্ষায় রাস্তা ভিজে যাওয়ায় কিছুটা ফেটে গেছে। শুকনার সময় এলে তিনি মেরামত করে দেবেন। এ ছাড়া আমাদের কাছে ঠিকাদারের অনেক টাকাও আটকে আছে।’খুলনা-৫ (সংশ্লিষ্ট এলাকার) সাংসদ নারায়ণ চন্দ্র বলেন, অনেক আগে কাজটি পেলেও ঠিকাদার বর্ষার মধ্যে কাজ করায় এর মান খুব খারাপ হয়েছে। সরকারের কোটি কোটি টাকা খরচ করে যে রাস্তা করা হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে না।