সংস্কৃত বিভাগে ১২ দিনে ফল প্রকাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১২ দিন পর গত শনিবার ওই বর্ষের ফল প্রকাশ করেছে বিভাগ কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ যেখানে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে নিয়মিত পাঁচ থেকে ছয় মাস, এমনকি আট থেকে নয় মাসও সময় নিচ্ছে, সেখানে এই বিভাগ মাত্র ১২ দিনেই ফলাফল প্রকাশ করে নজির সৃষ্টি করেছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুব অল্প সময়ে ফল প্রকাশ করার নতুন রেকর্ড। এক যুগ আগে ১৪ দিনে ফলাফল প্রকাশ করেছিল লোকপ্রশাসন বিভাগ।
দ্রুত পরীক্ষা ও ফলাফল প্রকাশ করায় ওই বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথ। পরীক্ষা কমিটির অন্য দুই সদস্য ছিলেন বিভাগের শিক্ষক লিটন মিত্র ও অনিন্দিতা দাশ। ওই বিভাগে শিক্ষার্থী ছিলেন ৩১ জন আর পরীক্ষার বিষয় ছিল সাতটি।
পরীক্ষা কমিটির সভাপতি শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘বিভাগের সব শিক্ষকের সহযোগিতা ও আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে। আমরা দ্রুত ফলাফল প্রকাশে রাতদিন খেটেছি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকেরাও একটু দায়িত্বশীল হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষাজট নিরসন করা সম্ভব।’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাদের কাছে ফলাফল সিট এসেছে। তবে এখনো দেখতে পারিনি। সবকিছু ঠিক থাকলে অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ।’