সংস্কৃতি বিজ্ঞানের অন্তর্গত বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন সত্তর বছর, তখন মানুষ বলতে লাগলেন যে রবীন্দ্রনাথের পক্ষে আর চিরসবুজ সাহিত্য সৃষ্টি করা সম্ভব নয়। এর প্রতিবাদে শেষজীবনে রবীন্দ্রনাথ লিখলেন শেষের কবিতা। এটি তাঁর কাব্য-উপন্যাস নয় বরং প্রতিবাদী রচনা।গতকাল রোববার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্যামল চক্রবর্তী ‘বিজ্ঞান ও সংস্কৃতিচিন্তা এবং রবীন্দ্রনাথ’ শীর্ষক একক বক্তৃতায় এ কথা বলেন। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশ লেখক শিবির এ অনুষ্ঠানের আয়োজন করে। শ্যামল চক্রবর্তী বলেন, কখনো কখনো কোনো একটি সমাজে একজন মানুষের মধ্যে সব সৃজনশীলতার বিকাশ ঘটে; রবীন্দ্রনাথ সে রকম একজন ব্যক্তি। রবীন্দ্রনাথের সব কর্মে ফুটে উঠেছে শিল্প, সাহিত্য ও বিজ্ঞানচর্চার নিদর্শন।শ্যামল চক্রবর্তী আরও বলেন, মানুষ বিজ্ঞান ও সংস্কৃতিচর্চাকে আলাদা করে দেখতে অভ্যস্ত। প্রকৃতপক্ষে, সংস্কৃতির শাখাগুলো বিজ্ঞানের অন্তর্গত বিষয়। রবীন্দ্রনাথ এগারো বছর বয়সে ভারতী পত্রিকায় তাঁর প্রথম গদ্যটি লেখেন, যা আজও গবেষকদের গবেষণার বিষয়। গদ্যের শিরোনাম ছিল ‘গ্রহগণ জীবের আবাসভূমি’। রবীন্দ্রনাথ বাল্যকালে বাড়িতেই বিজ্ঞান শিখেছেন। সে সময় তাঁকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় হাতেকলমে করে দেখানো হতো। পরবর্তীকালে এ বিষয়ে তিনি তাঁর শিক্ষাসংকলনে লিখেছেন, যারা পুথিঁতে বিজ্ঞান পড়ে, তাদের বিজ্ঞানশিক্ষার বারো আনাই ফাঁকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি শান্তনু কায়সার। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।