সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামছে কপোতাক্ষের মানুষ
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলনে নামছে কপোতাক্ষ তীরের মানুষ।
আজ শনিবার বিকেলে মধুকবির জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুসূদন মিউজিয়ামে এ বিষয়ে বৈঠক করা হয়। বৈঠক থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ জানুয়ারি মধুকরির জন্মতীর্থ সাগরদাঁড়িতে শুরু হওয়া মধুমেলায় গণস্বাক্ষর অভিযান, প্রচারপত্র বিতরণ, যশোর থেকে সাগরদাঁড়ির পথে পথে মানববন্ধন, প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সাংসদ ও সচিবদের কাছে স্মারকলিপি প্রদান।
এ আন্দোলন পরিচালনার জন্য বৈঠকে ৫০১ সদস্যবিশিষ্ট ‘মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এম আর খায়রুল উমাম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য আবু বকর সিদ্দিকী এবং কমিটির সদস্যসচিব করা হয়েছে মধুসূদন–গবেষক কবি খসরু পারভেজ।
বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি হারুন-অর-রশীদ। এতে আরও বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি সুরাইয়া শরীফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস, মুক্তিযোদ্ধা মনমোহন ধর, শিক্ষাবিদ মশিউর রহমান, স্বপন মণ্ডল, সাংবাদিক আশরাফুজ্জামান খান, দিলীপ মোদক, মনিরুল ইসলাম, রাহুল রায়, প্রথম আলো যশোর বন্ধুসভার বন্ধু রুকসানা রহমান, কবি মকবুল মাহফুজ প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনের সময় সাগরদাঁড়িতে মধুসূদনের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীতা রয়েছে বলে তাঁর বক্তব্যে জানিয়েছিলেন।