সংস্কৃতি মন্ত্রণালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার পাংশায় জোর করে ২৮ জন বাউলের চুল-দাড়ি-গোঁফ কেটে দেওয়ার ঘটনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়ে স্থানীয় প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছে। একই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন সংগঠনও ওই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবি করেছে।গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই ঘটনার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।গতকাল সকালে অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের শুরুতেই কমিটির সদস্য তারানা হালিম বাউলদের চুল-দাড়ি-গোঁফ কাটার বিষয়টি উত্থাপন করেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা বলে আখ্যা দেন। কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী ছাড়াও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, তারানা হালিম, মমতাজ বেগম, মাহফুজা মণ্ডল, নিলোফার চৌধুরী মণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ও নিন্দা জানিয়েছে। এ ছাড়া ওই ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও জাতীয় সম্পদ রক্ষাবিষয়ক জাতীয় কমিটি অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সাংস্কৃতিক সংগঠন ছবির হাট আগামীকাল বৃহস্পতিবার মুখে ও মাথায় কালো কাপড় বেঁধে নববর্ষের শোভাযাত্রা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। কাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করবেন তাঁরা।