সংস্কৃতি সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিভেজা সন্ধ্যায় নবীন শিল্পীদের গাননিজস্ব প্রতিবেদকদমকা হাওয়া আর এক পসলা হালকা বৃষ্টিতে গতকাল সোমবার সন্ধ্যায় অস্বস্তিকর গুমট কেটে গিয়েছিল অনেকটা। আর্দ্রকোমল হয়ে ওঠা আবহাওয়ায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে চমৎকার জমে উঠেছিল গানের আসর। গান বাঙালির প্রাণের সম্পদ। বাংলা গানের সুর ও বাণী ঐশ্বর্যময়। এ গানের সুর-সম্ভারে কখনো মনপ্রাণ আকুল হয়, কখনো বা হূদয়ে আসে গভীর প্রশান্তি। কাজে বা অবসরে গুনগুনিয়ে গানের সুরে ডুবে যাওয়াও বাঙালির প্রিয়। একাডেমীর আয়োজনে সন্ধ্যায় শুরু হলো প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীদের দুই দিনের সংগীত ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, আধুনিকসহ বিভিন্ন আঙ্গিকের গান শোনান ইন্দ্রাণী কর্মকার, জয়ন্ত আচার্য্য, সুশান্ত কুমার সরকার, নুসরাত বিনতে হালিম, নিজামউদ্দিন খান, নিরূপম শর্মা, শিশির রহমান, সুমাইয়া ফারাহ্ খান, রাশেদ জামান, শাহিনা পারভীন, রোকেয়া আক্তার, মশিউর রহমান প্রমুখ। আজ এখানে রয়েছে নবীন শিল্পীদের নৃত্য পরিবেশনা। পরীক্ষণ থিয়েটারে ‘মাটি কাঁপা দেওয়ানি’পরীক্ষণ থিয়েটারের মঞ্চটি মিলনায়তনের একেবারে মাঝখানে সাজানো। মঞ্চের চারপাশে দর্শক। অনেকটা যাত্রার মতো। শুরুতেই গান। পরিবেশিত হলো দিনাজপুরের আঞ্চলিক বান্ধানী গান। গতকাল শিল্পকলা একাডেমীর লোকনাট্য সপ্তাহের ছিল তৃতীয় দিন। এদিন দিনাজপুরের ‘মাটি কাঁপা দেওয়ানির দল’ পরিবেশন করে তাদের জনপ্রিয় পালা ‘মাটি কাঁপা দেওয়ানি’। হাস্যরসাত্মক অভিনয়-রীতির মাধ্যমে পরিবেশিত পালাটি দর্শকের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে। এর পালাকার ও পরিচালক মঙ্গলুচন্দ্র রায়। পালায় বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন হরেন্দ্রচন্দ্র রায়, রবিচন্দ্র রায়, জলেন বৈশ্য, বালিয়াচন্দ্র রায়, গোপালচন্দ্র শর্মা প্রমুখ। আজ ঠাকুরগাঁওয়ের তারিণী প্রসাদ রায়ের দল রামযাত্রা ‘রাম, লক্ষ্মণ ও সীতার বনবাস’ পরিবেশন করবে।প্রাণবন্ত নৃত্য-উৎসব বিশ্ব নৃত্য দিবস সামনে রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজন করেছে নৃত্য-উৎসব। চিত্রশালা প্লাজার খোলা চত্বরের এক পাশে নৃত্য পরিবেশনা, অন্য পাশে নৃত্যমেলা। দেশের বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানের শিল্পী এবং দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে উৎসব।গতকাল ছিল নৃত্য উৎসবের দিন। বিকেল থেকে নানা বয়সী দর্শকের উপস্থিতিতে ভরে ওঠে চিত্রশালার খোলা চত্বর। যন্ত্রসংগীতসহ আবহমান বাংলার বিভিন্ন লোকগান এবং শাস্ত্রীয় গানের সঙ্গে নূপুরের ঝংকার তুলে নেচেছেন শিল্পীরা। গতকালের পরিবেশনায় ছিল মণিপুরী, ভরত নাট্যম, লোক এবং আধুনিক নৃত্য।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়রবিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মার্চেন্ট অব ভেনিস মঞ্চস্থ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি বিভাগের উদ্যোগে গতকাল বজলুর রহমান হলে নাটকটি মঞ্চস্থ করেন বিভাগের শিক্ষার্থীরা। শেক্সপিয়রের বিখ্যাত কয়েকটি নাটকের অংশবিশেষও মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিখ্যাত এই নাট্যকারের অ্যাজ ইউ লাইক ইট নাটকের অংশবিশেষ এবং বেশ কয়েকটি সনেট আবৃত্তি করা হয়। এর আগে একবিংশ শতাব্দীতে শেক্সপিয়র শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক মফিজার রহমান, অধ্যাপক আবদুর রাজ্জাক, মিলকী আমাতুল প্রমুখ। সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বক্তারা বলেন, ‘জগৎখ্যাত এই মানুষটিকে জানতে হলে তাঁর লেখাগুলো পড়তে হবে। তাঁকে গভীরভাবে অনুধাবন করতে হবে। পৃথিবী যত দিন থাকবে শেক্সপিয়র তত দিন মানুষের মধ্যে বেঁচে থাকবেন।’