সংস্কৃতি সংবাদ শীতের সন্ধ্যায় সত্যেন সেন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারের ঝাঁপি নিয়ে সন্ধ্যা নেমে পড়েছে। কনকনে ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ‘ঘাতক তুমি সরে দাঁড়াও, এখন আমি গোলাপ নেব’—শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করছেন রফিকুল ইসলাম। দর্শকের ভিড় বাড়ছে। একটু যেন আলোও বেড়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের দৃশ্যটা ছিল এমনই। সত্যেন সেনের ২৯তম মৃত্যুবার্ষিকীতে দুই দিনব্যাপী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সত্যেন সেন শিল্পী সংস্থা। গতকাল ছিল অনুষ্ঠানের শেষ দিন। ছিল না কোনো আলোচনা, আনুষ্ঠানিকতা। শুরুতেই জানিয়ে দেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।একক আবৃত্তি শেষে উত্স আবৃত্তি একাডেমির সদস্যরা মেহনতি মানুষ শিরোনামে সমবেত আবৃত্তি পরিবেশন করেন। এরপর ঢাকা পদাতিক পরিবেশন করে নাটক ইসকিন ইসকিন। ৪৫ মিনিটের নাটক শেষে সত্যেন সেন শিল্পী সংস্থার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অংশ নেন শেখ আলাল, মাফিয়া রহমান, মাহজারিন রহমান, তানসেন, আরিফ প্রমুখ। ক্যালকাটা পেইন্টারসের প্রদর্শনী বেঙ্গলে ক্যালকাটা পেইন্টারস যাত্রা করেছিল ১৯৬৪ সালের জানুয়ারি মাসে। চিত্রকলা অঙ্গনকে সব রকম গতানুগতিকতা থেকে মুক্ত করার দায় নিয়েই এই গোষ্ঠীর জন্ম। গতকাল সন্ধ্যায় এই সংগঠনের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে প্রদর্শনী। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ‘পথচলা ও সখ্য’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী আমিনুল ইসলাম ও ভারতের বিজন চৌধুরী। প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা ৫২টি। অমিতাভ সেনগুপ্ত, অনিমেষ নন্দী, অনিতা রায় চৌধুরী, বরুণ রায়, বিজন চৌধুরী, বিপিন গোস্বামী, দেবব্রত চক্রবর্তী, ধীরাজ চৌধুরী, দ্বিজেন গুপ্ত, গৌতম ভৌমিক, ইসা মোহাম্মাদ, যোগেন চৌধুরী প্রমুখের নানা মাধ্যমের শিল্পকর্ম রয়েছে এতে। প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন বজ্রবীণায় জাগো স্বদেশ আমার স্লোগান নিয়ে কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর তৃতীয় জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এর উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। গতকাল উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনের উত্সব আয়োজনের কথা জানান উদীচী কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ। তিনি বলেন, ‘আমরা মনে করি, উদীচীর এই সাংস্কৃতিক সম্মেলনের বিশেষ তাত্পর্য রয়েছে। সারা দেশের শিল্পীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে নেওয়া ও এর মাধ্যমে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন।’সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। তিনি জানান, এবারের উত্সবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে ‘সাংস্কৃতিক আন্দোলন—বর্তমানের দৃষ্টিতে ভবিষ্যত্ ভাবনা’ শীর্ষক সেমিনার। সেখানে দেশের সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহ্য ও তার পটভূমিতে ভবিষ্যত্ আন্দোলনের ধারা এবং প্রাসঙ্গিকভাবেই বর্তমান সময়ে দেশে সংস্কৃতিচর্চার সংকট-সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। উদ্বোধনী দিনে এবং পরবর্তী দুই দিন প্রতিদিন বিকেল চারটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন উদীচীর বিভিন্ন জেলা ও শাখা থেকে আগত শিল্পীরা। এসব অনুষ্ঠানের মধ্যে থাকবে গণসংগীত, ঢেঁকির গান, বয়াতিগান, বিয়ের গীত, লোকগান ও নৃত্য, আদিবাসী নৃত্য, নৌকাবাইচের গান, লালনের গান, পুঁথিপাঠ, গম্ভীরা নৃত্যনাট্য, পথনাটক, যাত্রাপালা, নবাব সিরাজউদ্দৌলা ইত্যাদি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরঞ্জন অধিকারী, বদিউর রহমান, শিবানী ভট্টাচার্য, প্রবীর সরদার প্রমুখ। খেলাঘর শিশু-কিশোর সাংস্কৃতিক উত্সব তিন দিনের কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে খেলাঘর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উত্সব-২০১০ শুরু হবে আগামীকাল। বাংলাদেশ শিশু একাডেমীতে উত্সব চলবে ৯ জানুয়ারি শনিবার পর্যন্ত। উত্সবের লক্ষ্য, উদ্দেশ্য ও বিস্তারিত কর্মসূচি জানিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। এতে বক্তব্য দেন পান্না কায়সার, নিরঞ্জন অধিকারী, সায়েরা বেগম, উত্সব কমিটির চেয়ারম্যান প্রণয় সাহা, উত্সব কমিটির আহ্বায়ক মাহবুবা নাহিদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে দেশজুড়ে মহানগর, জেলা ও আঞ্চলিক পর্যায়ের উত্সব সম্পন্ন হয়েছে ছয় মাস ধরে। অঞ্চল পর্যায়ের বিজয়ী নির্বাচিত শিশুশিল্পীদের নিয়ে ১৮টি বিষয়ের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও থাকবে গুণীজনদের সংবর্ধনা, আনন্দ শোভাযাত্রাসহ নানান সাংস্কৃতিক পর্ব।