তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব সংস্কৃতিকর্মীকে ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে সংস্কৃতিকর্মীদের মানবাধিকার সচেতন হতে হবে। কেবল নাটক মঞ্চায়ন করলেই হবে না, সমাজের সব অসংগতি দূর করতে মাধ্যম হিসেবে নাটককে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
গতকাল শুক্রবার সকালে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। সাড়ে ১০টায় নগরের শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর, হেমচন্দ্র ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী, ব্যারিস্টার মো. আরশ আলী, বেদানন্দ ভট্টাচার্য, ফারুক মাহমুদ চৌধুরী, এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, রজতকান্তি গুপ্ত প্রমুখ। পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়।
প্রবীণ শিল্পী রামকানাই দাশকে অভিনন্দন: একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সংগীতশিল্পী রামকানাই দাশ চিকিৎসা শেষে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। অসুস্থ হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকায় তিনি এ বছর সশরীরে উপস্থিত হয়ে একুশে পদক গ্রহণ করতে পারেননি। শিল্পী দেশে ফেরার পর গতকাল সন্ধ্যা সাতটায় নগরের করেরপাড়া এলাকায় শিল্পীর বাসভবনে গিয়ে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা শুভেচ্ছা জানিয়েছেন।