সংস্কৃতিচর্চা জোরদার করা হচ্ছে : সংস্কৃতিমন্ত্রী

জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে সংস্কৃতিচর্চা জোরদার করা হচ্ছে। সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আলোচনা করে কর্মসূচি ঠিক করে পরে জানানো হবে। সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি মানে শুধু গানবাজনা নয়। শিক্ষার্থীদের মধ্যে বোধ তৈরি করা। এ লক্ষ্যেই কর্মসূচি নেওয়া হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘আমরা সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানেই যেতে চাই। চেতনা জাগাতে চাই, যাতে জঙ্গিবাদ প্রশ্রয় না পায়।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশেই আন্দোলন চলছে, যার যার অবস্থান থেকে। এ কাজ সমন্বিতভাবে করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি জানান, ৩ সেপ্টেম্বর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সভা করা হবে।
জঙ্গিবাদের প্রসঙ্গ টেনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ থেকে উত্তরণ না হলে জাতি হিসেবে সামনে এগোতে পারব না।’