কানসাট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন
সংস্কৃতিচর্চা না বাড়লে জঙ্গি হামলা বাড়তে পারে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের সংস্কৃতিচর্চায় মনোযোগী হতে হবে। সংস্কৃতিচর্চা না বাড়লে দেশে হলি আর্টিজানে জঙ্গি হামলার মতো ঘটনা আরও ঘটবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কানসাট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। এতে শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি সৈয়বুর রহমান সভাপতিত্ব করেন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯১৭ সালে কানসাট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণভাবে এর শতবর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়। এ উপলক্ষে দুই সহস্রাধিক শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। বর্ণাঢ্য সাজে সাজানো হয় বিদ্যালয় ভবন ও প্রাঙ্গণ। বের করা হয় স্মরণিকা। গতকাল সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।