সংস্কৃতিচর্চা না বাড়লে হলি আর্টিজানের মতো ঘটনা আরও ঘটবে

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চায় মনোযোগী হতে হবে। সংস্কৃতিচর্চা না বাড়লে দেশে হলি আর্টিজানের মতো জঙ্গি হামলার ঘটনা আরও ঘটবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি সৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রমুখ।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টির শতবর্ষ উদ্যাপন করা হয়। বর্ণাঢ্য সাজে সাজানো হয় বিদ্যালয় ভবন ও প্রাঙ্গণ। বের করা হয় স্মরণিকা। সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব শেষ হয়।