সংস্কৃতিচর্চায় দূর হবে সমাজের ব্যাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ​িডসি হিলে গতকাল বিকেলে বেলুন উড়িয়ে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ৪০ বছর পূর্তি উৎ​সবের উদ্বোধন করেন অতিথিরা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের ​িডসি হিলে গতকাল বিকেলে বেলুন উড়িয়ে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ৪০ বছর পূর্তি উৎ​সবের উদ্বোধন করেন অতিথিরা l প্রথম আলো

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের সমাজ আজ নানা ব্যাধিতে আক্রান্ত। তবে এসব ব্যাধির চিকিৎসা আমাদের সংস্কৃতিচর্চার মধ্যে আছে। আমরা যদি যথাযথভাবে সুস্থ বাঙালির সংস্কৃতি চর্চা করতে পারি, তাহলে সামাজিক সমস্যার অনেকগুলো দূর হবে।’
চট্টগ্রামের শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ৪০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল শুক্রবার বিকেলে নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অধ্যাপক আনিসুজ্জামান ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ১০ বছর ফুলকি সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে আনন্দের একবারে বিচ্ছেদ হয়ে গেছে। আমরা আমাদের শিশুদের কেবল পড়াতে চাই, শেখাতে চাই। কিন্তু তাদের খেলাধুলা, নাচ-গানের মধ্যে শেখার কিংবা গড়ে তোলার কোনো চেষ্টা নেই। সে অভাব পূরণ করার জন্য একটি বিকল্প ব্যবস্থা হচ্ছে ফুলকি।’
সভায় স্বাগত বক্তব্যে ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন। ফুলকি প্রতিষ্ঠার স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জেলহত্যার ঘটনায় দেশে দমবদ্ধ পরিবেশ বিরাজ করছিল। এই দমবদ্ধ পরিবেশকে পেছনে ফেলে শিশুদের নিয়ে কাজ করার জন্য ১৯৭৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে ফুলকি।
সভায় সাবেক সচিব রণজিৎ বিশ্বাস বলেন, ‘যে শিক্ষার্থী যে বিষয়ে আকৃষ্ট হতে চায় না, আমরা জোর করে তার মাথায় তা চাপিয়ে দিই। যে শিল্পী হতে চায়, তাকে জোর করে ডাক্তার বানাতে চাই। যে নেতা হবে, তাকে ক্রীড়াবিদ বানাতে চাই। এই প্রবণতা দূর করতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ সবিহ উল আলম, ফুলকির সভাপতি শামসুল হোসাইন, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন, ফুলকির প্রাক্তন শিক্ষিকা লায়লা জামান, লেখিকা ফেরদৌস আরা আলীম, সাংবাদিক এ কে এম রইসুল হক বাহার, অভিভাবক স্বপন বড়ুয়া, প্রথম ব্যাচের শিক্ষার্থী রবিশংকর দাশ প্রমুখ।
উৎসবে ফুলকির সঙ্গে ৪০ বছর ধরে যুক্ত বীরেন দাশকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চবিদ্যালয় ও ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বই উপহার দেওয়া হয়। আলোচনা সভার আগে ফুলকির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত পরিবেশনের পাশাপাশি কারাতে প্রদর্শন করে।
এর আগে গতকাল সকালে প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে নগরের নন্দনকাননে ফুলকির বিদ্যালয় ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়।