সংস্কৃতিচর্চায় মানুষের মধ্যে প্রেম জাগ্রত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার আসনের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকেন অনেকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজের’ পরিবেশনা দেখতে মিলনায়তনে ছিল উপচে পড়া ভিড়।
‘সুপ্তকে বিকশিত করাই আমাদের লক্ষ্য’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করে ত্রিভুজ। প্রতিবছর ‘ত্রয়ী’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
গতকাল অনুষ্ঠান শুরুর আগে সন্ধ্যা ছয়টার দিকে ‘ত্রিভুজের’ উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপাচার্য মো. আলী আকবর, সহ-উপাচার্য মো. জসিম উদ্দিন খানসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সন্ধ্যা সাতটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ। সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা ও মমত্ববোধ জাগ্রত হয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড কিশোর-যুবকদের মাদক সেবন, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। ক্যাম্পাসের সব সংগঠন নিয়মিত অনুষ্ঠান করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
অনুষ্ঠানের শুরুতে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র এবং ত্রিভুজকর্মীদের দুটি নাটক প্রদর্শিত হয়। এরপর তাঁরা একে একে নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন ধরনের পরিবেশনায় মিলনায়তন মাতিয়ে তোলেন।