সংস্কৃতিবিমুখতা থেকে বেরিয়ে আসতে হবে
কবিতা ও সাহিত্য বুঝতে কষ্ট হয়, বর্তমান প্রজন্ম থেকে প্রায়ই এই কথাটা শোনা যায়। সংস্কৃতিবিমুখতা এবং বিষয়টির গভীরে প্রবেশ না হওয়ার প্রবণতা থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। শিল্প-সাহিত্য বুঝতে প্রয়োজন পড়াশোনার মাধ্যমে তৈরি হওয়া। প্রয়োজন শিকড়ের সন্ধানের। সংস্কৃতির সংকটের কারণে মানুষ ভাসমান হয়ে যাচ্ছে। তাই অচিরেই সাহিত্য-সংস্কৃতিবিমুখতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কনফিডেন্স সিমেন্ট লিমিটেড আয়োজিত ইংরেজি নতুন বছরের বর্ষপঞ্জি, ছয়টি দেশের কবিতা সন্নিবেশিত সিডি প্রকাশনা উৎসব ও সংবাদ সম্মেলনে বক্তারা এই কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং সমাপনী বক্তব্য দেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে আবুল মোমেন বলেন, ‘আমাদের যেকোনো কাজে সমন্বয় না থাকায় কোনো উদ্যোগ সফল হয় না। এটি বেশি প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে। তাদের মধ্যে ইতিবাচক গঠনমূলক কোনো জোট নেই। এরা দ্রুতই পরিবর্তনশীল, রূপান্তরশীল; কিন্তু এদের কোনো স্থিতিশীলতা নেই।’সমাপনী বক্তব্যে রূপম কিশোর বড়ুয়া বলেন, ‘আমাদের মধ্যে দেখা দিয়েছে দেশপ্রেম, পড়াশোনা এবং সুস্থ মানবতাবোধের অভাব। মূল্যবোধের অভাব আছে বলেই রাজনৈতিক নেতারা এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন বুক ফুলিয়ে।’আবু সুফিয়ান বলেন, ‘সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়েও কনফিডেন্স সিমেন্ট সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে চলেছে, যা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’ কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড প্রতিষ্ঠান সিমেন্টের মতো রুক্ষ্ম, শুষ্ক পণ্য উৎপাদন প্রতিষ্ঠান হলেও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে বর্ষপঞ্জিকায় দেশের কবিতা প্রকাশের ঝুঁকি নিয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। অনুষ্ঠানের শুরুতে বর্ষপঞ্জি ও সিডি ক্যাসেটে সন্নিবেশিত ছয় কবির কবিতা আবৃত্তি করে শোনান অরুণ ভদ্র।