সংস্কৃতিমন্ত্রীর কম্পিউটার শেখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘কম্পিউটার শেখার জন্য কারও কাছে যেতে হবে না, নিজের চেষ্টায় কম্পিউটার শেখা যায়। আপনারা কম্পিউটার শিখলে ছেলে-মেয়েরা উৎসাহিত হবে। তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।’
গতকাল শনিবার বিকেলে শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে নীলফামারী জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, তখন তাঁর এই উদ্যোগ নিয়ে অনেকে হাসাহাসি করেছেন। কিন্তু এখন ডিজিটাল পদ্ধতির সুফল সবাই ভোগ করছেন। বাংলাদেশ আর পিছিয়ে থাকছে না, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী জানান, তিন দিনের এই মেলায় ই-সেবাবিষয়ক কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, সরকারের ডিজিটাল কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে কম সময়ে ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে জনগণকে অবহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
এর আগে সকালে মন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্বরে শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।