সংস্কৃতিমন্ত্রীর সহায়তায় দেড় হাজার শিশুর চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর রামনগর ইউপি চত্বরে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন শাহিন আখতার l ছবি: প্রথম আলো
নীলফামারীর রামনগর ইউপি চত্বরে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন শাহিন আখতার l ছবি: প্রথম আলো

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহায়তায় প্রায় দেড় হাজার শিশু রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সদরের রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শুক্রবার ওই চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) প্রকল্পের প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিন আক্তারের নেতৃত্বে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। এতে অংশ নেন চিকিৎসক বিকাশ চন্দ্র পাল, শুভজিত সাহা, তনিমা জহির, ধীমান কুমার রায়, নাহিদ আক্তার প্রমুখ।

দুপুরে ওই ক্যাম্পে গিয়ে কথা হয় সদরের টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের তানজিনা বেগমের (৪০) সঙ্গে। তিনি সাত বছর বয়সী মেয়ে আঁখিমণিকে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘মেয়েটা জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী। অনেক ডাক্তার দেখাইছি। টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারি না। এখানে বিনা পয়সায় ওষুধ দিয়েছে। বলেছে, এটা খিঁচুনি রোগ, চিকিৎসায় ভালো হবে। নাম-ঠিকানাও লিখে নিয়েছে। বলেছে, কোনো ওষুধ কিনতে হবে না। সময়মতো তারা বাড়িতে ওষুধ পাঠাবে।’

রামনগর ইউনিয়নের বাসারপাড়া গ্রামের নাসিমা বেগম তাঁর মেয়ে শারীরিক প্রতিবন্ধী রিভা বেগমকে (৬) নিয়ে ওই ক্যাম্পে এসেছেন। তিনি বলেন, ‘মেয়েটার অনেক চিকিৎসা করেছি। এখন টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারছি না। এখানে বিনে পয়সায় চিকিৎসা পেলাম, ওষুধও দিয়েছে। নাম-ঠিকানা লিখে নিয়েছে। তারাই নাকি চিকিৎসা চালাবে।’

তানজিনা, নাসিমাসহ অনেকে বলেন, ‘আমরা গরিব মানুষ। এত বড় ডাক্তার এত দিন দেখাতে পারিনি। আজকে বিনা পয়সায় এত বড় ডাক্তার পেয়েছি, ওষুধও পেয়েছি; আমরা খুশি।’

সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, রামনগর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

এ ব্যাপারে আবুজার রহমান বলেন, ১৯৯৮ সাল থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহায়তায় তাঁর স্ত্রী শাহিন আক্তারের নেতৃত্বে বিনা মূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হচ্ছে। প্রতি দুই মাস অন্তর নীলফামারীর প্রতিটি ইউনিয়নে পালাক্রমে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প হবে।