সংস্কৃতিমান ছেলেমেয়েরা সন্ত্রাসী হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘যে ছেলেমেয়েরা গান, নাটক, আবৃত্তি করে, তারা সন্ত্রাসী হয় না। ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিহত করতে মুক্তচিন্তার সংস্কৃতিমান মানুষ গড়ে তুলতে হবে। কিন্তু এই সংস্কৃতি লালনে তেমন কোনো পৃষ্ঠপোষকতা নেই।’
গতকাল সোমবার সকাল ১০টায় নগরের কালেক্টরেট ভবন চত্বরে বরিশাল বিভাগীয় জাদুঘরের নামফলক উন্মোচনের পর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বরিশালের নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে ঐহিত্যমণ্ডিত ২০০ বছরের পুরোনো ভবন সংস্কার ও সংরক্ষণ করে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় মাইলফলক হয়ে থাকবে বরিশাল বিভাগীয় এই জাদুঘর।
আসাদুজ্জামান নূর বলেন, সন্তানদের কেবল জিপিএ-৫ পাওয়ার জন্য তৈরি না করে সংস্কৃতির শাখায় আসার সুযোগ দিতে হবে। ভূমিকা রাখতে হবে খেলাধুলায় অংশ নেওয়ায়। সংস্কৃতি সমাজ বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিহত করতে মুক্তচিন্তার সংস্কৃতিমান মানুষ গড়ে তুলতে হবে। অস্ত্র নয়, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. গাউস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ।