
গভীর মনোযোগে পত্রিকা পড়ছিলেন তিনি। গায়ে সাদা পাঞ্জাবি, মুখে এক সপ্তাহের দাড়ি। চশমা পরা প্রবীণ মানুষ। ধ্যান ভাঙিয়ে আলাপ জুড়ে জানা গেল, নাম তাঁর নজরুল ইসলাম। যৌবনে চাকরি করেছেন তিনটি বহুজাতিক প্রতিষ্ঠানে। ১৯৯১ থেকে অখণ্ড অবসর। প্রায় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি কাটান ঢাকার কোনো না কোনো পাঠাগারে।
তাঁর সঙ্গে কথা হচ্ছিল পরীবাগের খালেদ চৌধুরী পাঠাগারে, ১৫ অক্টোবর সন্ধ্যায়। দুটি কক্ষ নিয়ে এই পাঠাগার। একদিকে কাঠের আলনায় পত্রিকা সাজিয়ে রাখা, আরেকদিকে বই।
খালেদ চৌধুরী পাঠাগারের নামটি হয়তো অনেকের অজানা। কিন্তু সংস্কৃতি বিকাশ কেন্দ্র মোটামুটি সবার পরিচিত। পরীবাগের এক নীরব গলিতে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি সমাজের অলিন্দে সংস্কৃতির আলো ফেলছে ২৫ বছর ধরে। এটা স্পষ্ট করা প্রয়োজন, সংস্কৃতি বিকাশ কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের মধ্যে পাঠাগারটিও অনন্য এক উদ্যোগ। দুটিরই হাত ধরাধরি করে চলা। আর এর সবকিছুর কেন্দ্রে আছে পথিকৃৎ ফাউন্ডেশন নামের এক ট্রাস্ট।
সংস্কৃতি বিকাশ কেন্দ্র যে ঠিকানায়, সেটি একটি পুরোনো ধরনের বাড়ি। এখানে আছে ছোট-বড় কয়েকটি কক্ষ, একটি ক্যাফেটেরিয়া, এক চিলতে উঠান ও ছোট একটি মঞ্চ। যাঁরা ছোটখাটো অনুষ্ঠান যেমন পাঠচক্র, মতবিনিময়, বিষয়ভিত্তিক আড্ডা ও প্রকাশনা উৎসব আয়োজন করতে চান, তাঁদের জন্য এটি বেশ চমৎকার ঠিকানা।
যাঁর নামে এই পাঠাগার, সেই খালেদ চৌধুরীকে হয়তো এ প্রজন্মের অনেকেই চিনবে না। সব বিষয়েই তাঁর মনীষা ছিল ব্যাপ্ত। পঞ্চাশের বাংলাদেশে যে মেধাবী তারুণ্যের বিস্ফোরণ ঘটেছিল, খালেদ চৌধুরী ছিলেন তার মধ্যমণি।
যাঁর হাতে পাঠাগারটির যাত্রা শুরু হয়েছিল, তিনি আর কেউ নন— সৈয়দ শামসুল হক। প্রথম দিকের কথা বলতে গিয়ে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রাণপুরুষ, চিকিৎসক-গবেষক অধ্যাপক লিয়াকত আলী বলছিলেন, ‘প্রথম দিকে আমরা পত্রপত্রিকার ওপরই বিশেষ গুরুত্ব দিয়েছিলাম। ১৯৯৬ সালের অক্টোবরের পর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিন আমাদের সংগ্রহে আছে। পরে যুক্ত হয়েছে ইংরেজি ভাষার কিছু ম্যাগাজিন।’
বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন লিয়াকত আলী। সে অভিজ্ঞতার কিছুটা তিনি প্রয়োগ করেছেন এখানে।
পাঠাগারে রয়েছে বেশ কিছু সুনির্বাচিত বই, বিশেষ করে দর্শনশাস্ত্রের। প্রয়াত কথাসাহিত্যিক আবু ইসহাক, প্রয়াত মন্ত্রী ও জ্ঞানসাধক ফসিহউদ্দিন মাহতাবের সংগ্রহশালার সংযোজন ঋদ্ধ করেছে এ পাঠাগারকে।
পাঠাগারে বই-পত্রিকার সংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে বই আড়াই হাজার। বলা যায়, সংবাদপত্র স্টলেও যে দৈনিকটি মেলে না, তা-ও মিলবে এখানে। ঢাকা থেকে প্রকাশিত ২৭টি দৈনিক রাখা হয়। পত্রিকা সাজিয়ে রাখার ধরনটিও আকর্ষণীয়। একসঙ্গে পাওয়া যায় একই পত্রিকার তিন দিনের সংখ্যা। একই কথা বলা যায় সাময়িকীর ক্ষেত্রেও।
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকে পাঠাগারটি। শুক্রবার বন্ধ। পাঠকক্ষে বসে যেমন বই পড়া যায়, তেমনি নেওয়া যায় বাসায়ও। তবে এ জন্য পাঠাগারের সদস্য হতে হবে। পাঠাগারের সম্পাদক রেজওয়ানুল কবির বলছিলেন, গড়ে প্রতিদিন পাঠক আসে ৮ থেকে ১০ জন। এর মধ্যে তিন থেকে চারজন বইয়ের পাঠক।
এখানে যাঁরা পড়তে আসেন তাঁদের জন্য বাড়তি পাওনা এখানকার ক্যাফেটেরিয়া। সাশ্রয়ী মূল্যে মেলে চা, শিঙাড়া, পাকোড়া।