আইন না মানলে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে
বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা ও আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়াসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ভাটারার মাদানি অ্যাভিনিউতে আজ শনিবার দুপুর ১২টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তনে সভাপতিত্ব করেন।
নিজস্ব সংস্কৃতির চেতনায় লালিত হয়ে জাতীয় সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, উচ্চশিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো এমন মানবসম্পদ তৈরি করা, যাদের চিন্তায় থাকবে সৃষ্টিশীলতা, উদার নৈতিকতা, মানবপ্রেম ও বিজ্ঞানমনস্কতা।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা যাতে শুধু সীমাবদ্ধ আনুষ্ঠানিক বিদ্যায় পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে। তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বাস্তব জ্ঞান অর্জনের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা উপলব্ধি করতে হবে। জানতে হবে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়নে ব্যবহারের কৌশল।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ভর্তি, টিউশন ফিসহ সব ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সমাবর্তনে ১ হাজার ৬১০ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। তাঁদের মধ্যে ছয়জনকে স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, জ্ঞানভিত্তিক সমাজ এখন সময়ের দাবি। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, বিশ্বমানের করা। তবে বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন বাজারমুখী কোর্স করতে আগ্রহী। এমন আগ্রহ অগ্রহণযোগ্য।
বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুল মান্নান বলেন, গবেষণা করতে পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি তরুণদের গবেষণায় উৎসাহ দিতে হবে। এটাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন। এর কারণ, এ দেশের রয়েছে জনসংখ্যাগত লভ্যাংশ। এই তরুণ জনসংখ্যা ক্রমেই কর্মক্ষম হচ্ছে আর তাদের নির্ভরশীলতার হারও কম। ফলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে উচ্চ অর্থনীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুযোগের একটি বড় নতুন জানালা খুলবে। এই উন্নতিকে ধরার পূর্বশর্ত হচ্ছে শিক্ষিত ও দক্ষ কর্মীসংখ্যার। জামিলুর রেজা চৌধুরী তরুণ শিক্ষার্থীদের অদূর ভবিষ্যতে বাংলাদেশের অগ্রগতির মিছিলে শামিল হওয়ার আহ্বান জানান।
সমাবর্তনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, উপাচার্য এম রিজওয়ান খান প্রমুখ।