সংস্কৃতির প্রবহমান ধারা এগিয়ে নিতে হবে একযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমাদের সংস্কৃতিতে সকল ধর্ম ও শ্রেণির মানুষের অবদান রয়েছে। নানা বৈচিত্র্য নিয়ে বাঙালি সংস্কৃতির এই অগ্রযাত্রা থামবে না। বাংলার প্রবহমান এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দশম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের আগে বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান। ‘মৃত্যুর ভয় করে চূর্ণ, এসো প্রাণের ভবন করো পূর্ণ’ স্লোগানে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কয়েক দশকের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল জোটের পদযাত্রা। তারপর সকল ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জোট অগ্রসর হয়েছে। এই অগ্রযাত্রায় ভবিষ্যতে আরও সুন্দর ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে জোট।
জোটের সভাপতি আইনজীবী প্রদীপ ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সহসভাপতি আইনজীবী মাহবুবুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন ঘোষণার পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জোটের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে মণ্ডলপাড়া হার্ট ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়। এরপর হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে বিকেল পাঁচটা পর্যন্ত চলে কাউন্সিল। কাউন্সিলের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরের জন্য নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ১৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন জিয়াউল ইসলাম, সহসভাপতি অমল আকাশ ও মণি সুপান্থ, সাধারণ সম্পাদক ধীমান সাহা, সহসাধারণ সম্পাদক সোয়াদ মনি, অর্থ সম্পাদক নাযিম রেজা, সাংগঠনিক সম্পাদক রাজীব দাস, প্রচার ও দপ্তর সম্পাদক দীনা তাজরিন। নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন জাহিদুল হক, দীপক ভৌমিক, প্রদীপ ঘোষ, শাহীন মাহমুদ, সুমাইয়া সেতু, ঈদ-উল হাসান রেদোয়ান। জোটের উপদেষ্টামণ্ডলীর মধ্যে আছেন আবদুর রহমান, রফিউর রাব্বি ও ভবানী শংকর রায়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী সম্মেলন শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জোটের নিজস্ব শিল্পীরা সংগীত পরিবেশন করেন।