সংস্কৃতির মূলমন্ত্র হলো মানুষ হয়ে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, সংস্কৃতির মূলমন্ত্র হলো মানুষ হয়ে ওঠা। মানুষকে মানুষের কাছে আসতেই হবে। আর উদীচী বাংলাদেশে সেই সংস্কৃতিরই চর্চা করে যাচ্ছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের একাদশ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে মুক্তিযুদ্ধের সরকার বলে দাবিদার বর্তমান সরকারের আমলেই নাসিরনগর ও গোবিন্দগঞ্জের মতো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। তনু হত্যার বিচার হচ্ছে না। খাদিজার মতো শিক্ষার্থীকে চাপাতির আঘাতে আহত করার ঘটনা ঘটেছে। মানুষের ওপর বিশ্বাস হারালে সমাজে নারী ও শিশুরা আক্রান্ত হয়। সমাজ বিপন্ন হয়। কারণ, আমাদের মনুষ্যত্ব জেগে নেই। মানুষ হয়ে জেগে উঠতে হবে। কারণ, এই দেশকে আমরা কখনো দুর্বৃত্তের দখলে যেতে দিতে পারি না।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য রেজাউল করিম সিদ্দিক। তিনি বলেন, ‘করপোরেট বেনিয়া সংস্কৃতির প্রভাবে আমাদের মূল সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। কারণ, নবান্ন উৎসবসহ দেশে বিভিন্ন বড় বড় সাংস্কৃতিক আয়োজন বিভিন্ন বহুজাতিক কোম্পানির অর্থে পরিচালিত হচ্ছে, যা কখনোই কাম্য হতে পারে না। আমাদের উচিত নিজস্ব ধারায় সংস্কৃতি চর্চা করা।’
উদীচীর জেলা কমিটির বিদায়ী সভাপতি আসাদুল্লাহ্ সরকার সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান ও দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সুলতানা কামাল। সংগঠনের পতাকা উত্তোলন করেন আসাদুল্লাহ্ সরকার। এ ছাড়া উদীচী বীরগঞ্জ শাখা সংসদের সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার রায় ও পার্বতীপুর শাখা সংসদের আহ্বায়ক শহীদুল আলমও সংগঠনের পতাকা উত্তোলন করেন। বেলা তিনটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে প্রতিবেদন ও সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন সমালোচনাসহ গৃহীত হয়।