সংস্কৃতিসচিব সড়ক দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও লেখক রণজিৎ কুমার বিশ্বাস রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে গতকাল শুক্রবার নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর কোমরের হাড় স্থানচ্যুত হয়েছে, মাথায় আঘাত লেগেছে৷ এ সময় তাঁর গানম্যান রফিকুল ইসলাম (৪০) ও গাড়িচালক দ্বীন মোহাম্মদ (৪৫) আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সচিব রণজিৎ কুমার রাজশাহীতে আসেন। গতকাল সকালে তিনি সার্কিট হাউসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের সঙ্গে মাতৃভাষাবিষয়ক একটি সেমিনারে অংশ নেন। গতকাল দুপুরে তিনি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, দুপুর একটা ৩৫ মিনিটে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রাজাকার মোড় এলাকায় ঢাকাগামী সাদা রঙের পাজেরো জিপগাড়ির (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৭৭৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাকের (ঢাকা মেট্রো ড ১৪-৪৮৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপগাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।