সংস্কৃতিসচিবকে ঢাকায় আনা হয়েছে

সড়ক দুর্ঘটনায় আহত সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
রাজশাহী থেকে ঢাকায় আসার পথে বেলা সাড়ে তিনটার দিকে নাটোরে সংস্কৃতিসচিব সড়ক দুর্ঘটনার শিকার হন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে নাটোরের বড়াইগ্রাম থানার রাজাকারের মোড় এলাকায় সচিবের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিত্সার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম প্রথম আলোকে জানান, ‘তাঁর (রণজিৎ কুমার বিশ্বাস) “লেফট হিপ ডিসপ্লেসড” হয়ে গেছে। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত লেগেছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’
রাজশাহী নগরের সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার একটি বৈঠকে অংশ নেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আজ সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউস থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নাটোরে তিনি এ দুর্ঘটনার শিকার হলেন।