সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করতে পারলে জঙ্গি তৎপরতা থাকবে না
আমাদের আছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কৃতি না থাকলে আমরা পথ হারিয়ে ফেলব। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে পারলেই জঙ্গি তৎপরতা থাকবে না।
সাংস্কৃতিক সংগঠন উত্তরণের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। গতকাল বুধবার দুপুরে ব্রজমোহন কলেজের কবি জীবনানন্দ দাশ চত্বরের পাশে উত্তরণ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
বক্তারা বলেন, তরুণ শিক্ষার্থীরা যেমন জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে, সেখান থেকে তাদের তরুণেরাই ফিরিয়ে আনতে পারে। ধ্বংস নয়, ভালো বন্ধু হয়ে দেশ গড়ার কাজে তাদের ফেরাতে হবে। বন্ধুর জন্য প্রাণ দিয়ে যাঁর প্রমাণ রেখে গেছেন ফারাজ। তিনি চাইলে জঙ্গিদের হাত থেকে নিজে বাঁচতে পারতেন। কিন্তু বন্ধুদের মৃত্যুর মুখে ফেলে নিজে বাঁচতে চাননি তিনি। ফারাজ যেমন বন্ধুর জন্য প্রাণ দিয়েছেন। তেমনি বিপথে যাওয়া বন্ধুদের বন্ধুত্ব দিয়েই ফিরিয়ে আনতে হবে। আর এটা কেবলই সম্ভব সংস্কৃতিচর্চা দিয়ে। তাই শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগ থাকা দরকার।