সংস্থাপন মন্ত্রণালয়ের নাম ‘জনপ্রশাসন’ করার সিদ্ধান্ত অনুমোদন
সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘জনপ্রশাসন’ বা ‘মিনিস্ট্রি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশ-বিদেশে বিভ্রান্তি নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সর্বসাধারণের বোধগম্য করার জন্যই এ নামকরণ করা হয়। সংস্থাপন শব্দটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। বিদেশেও সমস্যা দেখা দেয়।সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯০ শতাংশ: প্রেস সচিব আরও জানান, গতকালের বৈঠকে জানানো হয়, এ পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯০ শতাংশ। বর্তমান সরকারের মেয়াদে ২০০৯ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মন্ত্রিসভায় ৬৯০টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৬১৮টি। বাস্তবায়নের হার ৯০ শতাংশ।