রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় হামলা চালিয়ে মূল্যবান কাগজপত্র তছনছ এবং কিছু কাগজপত্র নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। পছন্দের এক প্রার্থীর চাকরির আবেদন বাতিল হওয়ায় গতকাল বুধবার তাঁরা ওই হামলা চালান। বিশ্ববিদ্যালয় সূত্রে এ অভিযোগ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হামলার ঘটনায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদীউজ্জামান ওরফে হাদী। তিনি গত বছরের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে লাঞ্ছিত ও অ্যাসিড নিক্ষেপ মামলার অভিযোগপত্রভুক্ত দুই নম্বর আসামি।
সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক জানান, ২৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ২৩ জন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের নামে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাদীউজ্জামানের পছন্দের প্রার্থী নির্মল কুমার রায় আবেদন করেন সেকশন অফিসার গ্রেড-২ পদে। কিন্তু তাঁর আবেদন বিধিসম্মত না হওয়ায় তা বাতিল করে বাছাই কমিটি। এ ঘটনা জানার পর হাদীউজ্জামান ক্ষুব্ধ হন। বেলা ১১টার দিকে তাঁর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী সংস্থাপন শাখায় হামলা চালিয়ে সব কাগজপত্র তছনছ করেন এবং কিছু জরুরি কাগজ নিয়ে যান।
আবেদনপত্র বাছাই কমিটির আহ্বায়ক বাণিজ্য অনুষদের ডিন ফেরদৌস রহমান বলেন, বর্তমান চাকরিস্থলের কর্তৃপক্ষের অনুমতিপত্র এবং কম্পিউটার শিক্ষার সনদ জমা না দেওয়ায় নির্মল কুমার রায়ের আবেদনপত্রটি বাতিল করা হয়।
এ ব্যাপারে হাদীউজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।