সংস্থাপন সচিবকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ের নির্দেশনা অনুসরণ না করায় হাইকোর্ট সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবকে তলব করেছেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি সংস্থাপন সচিব ইকবাল মাহমুদকে হাজির হয়ে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।উপজেলা স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের বিষয়ে আদালতের রায় অনুসরণ না করার অভিযোগে ৩ জানুয়ারি মুক্তিযোদ্ধার সন্তান মো. রিয়াজ উদ্দিন ওই আবেদন করেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী গাজী মোশতাক আহমেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। গাজী মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ জুন হাইকোর্ট রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে রিয়াজ উদ্দিনকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সংরক্ষিত কোটায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের বিষয়টি বিবেচনার জন্য নির্দেশ দিয়ে রায় দেন। কিন্তু এ নির্দেশ অনুসরণ না করায় আদালত অবমাননার আবেদনটি করা হয়।