জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে চলা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। দাবি আদায়ে গতকাল মঙ্গলবারও বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা সমাবেশ ও মানববন্ধন করেছেন। শাহবাগের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন যুক্তরাজ্যের লন্ডন-প্রবাসী বাংলাদেশিরা। লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় শহীদ আলতাব আলী পার্কে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। কর্মস্থল থেকে ছুটি নিয়ে তাঁরা কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া ব্রিকলেন ও বাংলা টাউনের অনেক বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মীরা একই সময় রাস্তায় বেরিয়ে নীরবতা পালন করেন।যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নগরগুলোতে সংহতি সমাবেশ অব্যাহত রয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত সোমবার দুপুরে ব্যানার, ফেস্টুন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামনে সমাবেশ করেন প্রবাসীরা। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন, মিশিগান, টেক্সাস, লস অ্যাঞ্জেলেসে সমাবেশ হয়েছে বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলেস থেকে ফিরোজ আলম জানান, সমাবেশে নতুন প্রজন্মের পক্ষ থেকে চরমপত্র পাঠ করেন শওকত চৌধুরী। লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় কমিউনিটি সংগঠন বাফলা সমাবেশে সংহতি প্রকাশ করে। শনিবার জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং রোববার এসেন শহরের ডুসেনবার্গ ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ জানিয়ে সমাবেশ করেন। ফ্রাঙ্কফুট নর্থভেস্ট সেন্টারেও প্রবাসীদের জমায়েত হয়।বেলজিয়াম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ জানান, গতকাল সকালে ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বেলা ১১টায় তিন মিনিট নীরবতা পালন শেষে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে ইউরোপীয় এক্সটার্নাল সার্ভিসের প্রধান ক্যাথরিন অ্যাশটন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো ও সাউথ এশিয়ান ডেলিগেশনের প্রধান জিন ল্যাম্বার্টকে স্মারকলিপি দেওয়া হয়।