সই জাল করে প্রকল্পের অর্থ ভাগ-বাঁটোয়ারা?
ঢাকার দোহারে একটি মাদ্রাসার উন্নয়নে বরাদ্দ হওয়া এক লাখ ৫৫ হাজার টাকা প্রকল্পের সাধারণ সম্পাদকের সই জাল করে উত্তোলন করা হয়েছে৷ কাজ শেষ না করেই ওই অর্থ ভাগ-বাঁটোয়ারা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা৷
প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, উপজেলার পশ্চিম সুতারপাড়ায় শামসুল হুদা ফোরকানিয়া মাদ্রাসার মাঠ ভরাট করতে কাবিটা প্রকল্পের আওতায় সম্প্রতি এক লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়৷ প্রকল্প কমিটির সভাপতি আবুল কাশেম ও সুতারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তরুণ তাঁকে (মোস্তাফিজুর রহমান) না জানিয়ে সই জাল করে ওই অর্থ উত্তোলন করেন। তাঁরা পুরো কাজ না করেই ওই অর্থ ভাগ-বাঁটোয়ারা করার চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে তিনি তাঁদের কাছে বিষয়টি জানতে চান৷ গত শনিবার কমিটির সভা ডেকে তাঁরা ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তাঁকে ৬৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন৷
প্রকল্প কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, তিনি সভাপতি হলেও টাকা উত্তোলন করেছেন জাতীয় পার্টির নেতা তরুণ। তরুণ বলেন, ‘আমি যা কিছু করেছি সভাপতিকে জানিয়েই করেছি। মাদ্রাসার তহবিলে টাকা জমা করেই কাজ করা হবে।’