সই জাল করে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীর বাসিন্দা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (নিরীক্ষা) মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার দাসের স্বাক্ষর জাল করে তাঁর তিন বছরের মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত অর্থবিষয়ক সহকারী কমান্ডার ও চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসম্পাদক আবদুর রাজ্জাক জালিয়াতের মাধ্যমে ওই ভাতার ৭২ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষরিত এক নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে ওই টাকা ইউএনওর কার্যালয়ে জমা দেওয়ার জন্য আবদুর রাজ্জাককে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশান্ত কুমার দাস জানান, সম্প্রতি তিনি ভাতা পাওয়ার আবেদন করে ব্যাংক হিসাব খুলতে সোনালী ব্যাংকের গৌরনদী শাখায় যান। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ জানান, তাঁর নামে অনেক আগেই ভাতা উত্তোলনের হিসাব খোলা হয়েছে এবং তিন বছর ধরে জমা হওয়া ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে।
সোনালী ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক আবদুল হাকিম দাবি করেন, এ জালিয়াতির সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত নন। অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি আমি আপনার কাছেই শুনেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, আবদুর রাজ্জাককে তিন কার্য দিবসের ভেতরে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।