সই জাল করে শিক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটির সভাপতির সই জাল করে এবং ভুয়া শিক্ষক নিয়োগ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, ‘সাইদুর রহমান আমার সই জাল করে এবং ভুয়া নামে শিক্ষক নিয়োগ দিয়ে বেতন তুলে খাচ্ছেন। আমরা তাঁর অপসারণ চাই।’ তিনি জানান, ২০ জুন থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসছেন না। তাঁর অপসারণের দাবিতে গত শুক্রবার ছাত্র-শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।সাইদুর রহমান বলেন, ‘বিদ্যালয় কমিটির সভাপতির ব্যক্তিগত ইচ্ছা পূরণ না হওয়ায় তিনি আমার বিরুদ্ধে এসব বলছেন। চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী লোকজন আমাকে বিদ্যালয়ে যেতে নিষেধ করায় আপাতত যাচ্ছি না।’এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে শিক্ষকদের বেতনের তালিকায় কম্পিউটার শাখায় মুকুল হোসেন নামের এমপিওভুক্ত এক শিক্ষকের অনুকূলে বেতন বরাদ্দ দেওয়া হয়। বাস্তবে ওই বিদ্যালয়ে মুকুল হোসেন নামের কোনো শিক্ষক নেই। ২০ জুন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা থেকে বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষক আর বিদ্যালয়ে আসেননি।এ ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষক-ছাত্র-অভিভাবকেরা সাইদুর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত শুক্রবার মানববন্ধন করেন।বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক ওহিদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক ১৪ বছর আগে আমার কাছ থেকে ৯৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু আমার চাকরি এমপিওভুক্ত করেননি। অথচ তিনি মুকুল হোসেন নামের একজন ভুয়া শিক্ষকের বেতনের বিল করে এনেছেন।’ স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘নৈশপ্রহরী পদে চাকরি দেবেন বলে প্রধান শিক্ষক আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু আমাকে চাকরি দেননি।’আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম জানান, বিদ্যালয় কমিটির সভাপতির কাছ থেকে মৌখিকভাবে তিনি ঘটনার কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।