সই হচ্ছে বহিঃসমর্পণ চুক্তি ও সংশোধিত ভিসাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়ে থাকা অপরাধীদের হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত ‘বহিঃসমর্পণ চুক্তি’ সই করতে যাচ্ছে। দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে আজ সোমবার চুক্তিটি সই হবে। এ ছাড়া সংশোধিত ভিসাব্যবস্থাবিষয়ক (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা আরটিএ) দলিলটিও সই হতে পারে। আরটিএতে পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ দুই দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাল্টিপল ভিসা চালুসহ বিদ্যমান ভিসা-প্রক্রিয়া সহজ করা হচ্ছে। দুদিনের সফরে আজ সকালে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৭ সদস্যের দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ গত শনিবার প্রথম আলোকে বলেন, বৈঠকে সইয়ের জন্য বহিঃসমর্পণ চুক্তি ও আরটিএ তৈরি রয়েছে। আজ মন্ত্রিসভার অনুমোদনের জন্য চুক্তিটি উপস্থাপন করা হবে। অন্যদিকে ভারতের মন্ত্রিসভা গত বৃহস্পতিবার বহিঃসমর্পণ চুক্তিটি অনুমোদন করেছে।স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধের বিষয়টি গুরুত্ব পাবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর দুই দণ্ডিত খুনিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ফের ভারতকে অনুরোধ জানানো হবে। এ ছাড়া ভারতে পালিয়ে থাকা শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিবির ক্যাডার সাজ্জাদকে হস্তান্তর, সীমান্তব্যবস্থাপনা ও আন্তসীমান্ত অপরাধ দমন বিষয়গুলো প্রাধান্য পাবে।বহিঃসমর্পণ চুক্তিতে যা থাকছে: চুক্তিটি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্র্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দীন আহমেদ এ প্রতিবেদককে গতকাল বলেন, এক দেশের অপরাধী যদি অন্য দেশে পালিয়ে যায়, তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে কোনো অপরাধীর মামলা বিচারাধীন থাকলে তাকে হস্তান্তর করা যাবে না। সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানিয়েছে, চুক্তি হলে ইন্টারপোলের মাধ্যমে অপরাধীদের নাম-পরিচয় পাঠাবে ভারত-বাংলাদেশ। এরপর এক দেশ অপরাধীর সম্পর্কে তথ্য চাইলে অন্য দেশ তথ্য দিতে বাধ্য থাকবে। চুক্তি অনুযায়ী, দুই সরকার কোনো বিচারকের মাধ্যমে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করবে।আরটিএতে যা থাকছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নতুন ব্যবস্থায় জ্যেষ্ঠ নাগরিক ও শিশুদের অন অ্যারাইভ্যাল (আগমন-পরবর্তী) ভিসার প্রস্তাব রয়েছে। পর্যটকদের যথাযথ কারণ সাপেক্ষে প্রয়োজনে সর্বোচ্চ এক বছরের মাল্টিপল ভিসা দেওয়া হবে। একবার সফরের পর পরবর্তী দুই মাস ভিসা আবেদনের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে, তা-ও শিথিল হচ্ছে। শিক্ষার্থীরা এর আগে এক বছর বা সংক্ষিপ্ত স্থিতির জন্য যেভাবে ভিসা পেতেন, তাতে পরিবর্তন আসছে। নতুন প্রক্রিয়ায় তাঁরা শিক্ষাকালীন ব্যাপ্তি অনুসারে ভিসা পাবেন। রোগীরা প্রয়োজন অনুযায়ী কয়েক বছরের মাল্টিপল ভিসা পাবে। তাদের দেখভালের জন্য সহযাত্রী স্বজনকেও প্রয়োজনে দীর্ঘ সময়ের মাল্টিপল ভিসা দেওয়া হবে। ব্যবসায়ীরা এখন থেকে পাবেন কয়েক বছরের মাল্টিপল ভিসা। আর যেসব সরকারি কর্মকর্তা সরকারি পাসপোর্ট ব্যবহার করেন, তাঁরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রসঙ্গত ২০০৬ সালে বাংলাদেশ-ভারত ভিসাব্যবস্থার মেয়াদ শেষ হয়েছে। এর পর থেকে দুই দেশ চিঠিপত্র চালাচালির মাধ্যমে ভিসা-প্রক্রিয়া চালু রেখেছে।