সওজ প্রকৌশলীর স্ত্রীর নামে কত সম্পদ
সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসানের স্ত্রী শাহানা পারভীন। তিনি পেশায় গৃহিণী। কিন্তু তাঁর নামে রাজধানীর বসুন্ধরা সিটিতে দোকান, এলিফ্যান্ট রোডে ফ্ল্যাট ছাড়াও উত্তরা, মোহাম্মদপুর, বনশ্রী ও পূর্বাচলে সোয়া দুই বিঘা জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বৈধ আয়ের উৎস নেই।
দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে জুনাইদ আহসান ও শাহানা পারভীনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক।
দুদক সূত্র জানায়, অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর জুনাইদ আহসান ও তাঁর স্ত্রী শাহানা পারভীনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর শাহানা পারভীন সম্পদের হিসাব দেন। দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে দুদক শাহানা পারভীনের নামে মোহাম্মদপুরের আদাবরে ১১ দশমিক ৪৫ কাঠা জমি, ইস্টার্ন হাউজিংয়ের বনশ্রী প্রকল্পে ১০ দশমিক ৭৪ কাঠা, রাজউকের উত্তরা (তৃতীয় পর্ব) প্রকল্পে ৫ কাঠা, পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা, এলিফ্যান্ট রোডে ১২৫০ বর্গফুটের ফ্ল্যাট ও বসুন্ধরা সিটিতে একটি দোকানের তথ্য পায়।
জানা গেছে, জুনাইদ আহসান ও শাহানা পারভীন দুদকে যে সম্পদ বিবরণী জমা দেন, তাতে স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য দেখান ১ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৭৬৫ টাকা। এর মধ্যে ৫২ লাখ ১১ হাজার ৯৮২ টাকার বৈধ উৎস পায় দুদক। সম্পদের দলিল মূল্য হিসাব করে দুদক এই দম্পতির বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।
মামলায় শাহানা পারভীনকে প্রধান আসামি এবং তাঁর এত সম্পদ অর্জনে সহায়তাকারী হিসেবে স্বামী সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসানকে দুই নম্বর আসামি করা হয়েছে। দুদক বলছে, মূলত জুনাইদ আহসান অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের উদ্দেশ্যে স্ত্রীর নামে সম্পদ করেছেন।