সওজের আইন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এস্টেট আইন কর্মকর্তার কার্যালয়ের সহকারী আইন কর্মকর্তা জহুরুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন করে বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

ঘুষ নিতে গিয়ে গত ৯ নভেম্বর দুদক দলের হাতে গ্রেপ্তার হন জহুরুল হক। পরে দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল হক এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন। তারই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।

মামলার এজাহারের তথ্য অনুসারে মুক্তিযোদ্ধা মো. বদরুদ্দিনের ছেলে মো. সালাহউদ্দিন দুদকে একটি অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, মো. জহুরুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের ৩০ থেকে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী উচ্ছেদ নোটিশ নিয়ে গত ২৪ অক্টোবর তাঁর বাসায় গিয়ে তাৎক্ষণিকভাবে মালামালসহ বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। অনেক অনুরোধের উচ্ছেদ দলের পক্ষ থেকে জহুরুল হক বলেন, খরচাপাতি দিলে সব ঠিক করে দেবেন। গত ৩ নভেম্বর জহুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে উচ্চপদস্থ কর্মকর্তাদের দোহাই দিয়ে জানান, দুই লাখ টাকা দিলে পরিবারটিকে সেখানে থাকতে দেওয়া হবে। অনেক দেনদরবারের পর ৪৫ হাজার টাকায় রফা হয়।

অভিযোগ পাওয়ার পর দুদকের পক্ষ থেকে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আট সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। ৯ নভেম্বর দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেনিয়ান শেড ফুড কোর্ট থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় জহুরুল হককে গ্রেপ্তার করা হয়।