ঢাকার আশুলিয়ার নবীনগর-কালিয়াকৈর সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় গতকাল সোমবার দখলদারদের হামলার শিকার হয়েছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মচারীরা। জনতা উচ্ছেদের কাজে ব্যবহূত একটি ট্রাক ও ড্রেজার আংশিক ভাঙচুর করে সড়ক অবরোধ করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।আশুলিয়া থানা পুলিশ, সওজ কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সওজ কর্তৃপক্ষ গতকাল নবীনগর-কালিয়াকৈর সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। সকাল ১০টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা পৌনে তিনটার দিকে সড়কটির বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত দেড় শতাধিক বাস কাউন্টার ড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর কাউন্টারের মালিক ও কয়েক শ পরিবহন শ্রমিক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সওজের কর্মচারীদের ওপর হামলা চালান। এতে আহত হন ১০ জন।উত্তেজিত জনতা সোয়া তিনটার দিকে সড়কের ওপর শুয়ে প্রায় আধা ঘণ্টা সড়কটি অবরোধ করে। এ সময় জনতা সওজের একটি ট্রাক ও ড্রেজারে আংশিক ভাঙচুর চালায়। খবর পেয়ে আশুলিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ কর্মকর্তারা জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।একটি পরিবহন কাউন্টারের মালিক আবুল বাশারসহ দখলদারেরা বলেন, জায়গাটি অবৈধ হলেও তাঁরা এখানে কাউন্টার বসিয়ে সংসার চালান। আর সওজ কর্তৃপক্ষ আগাম নোটিশ না দিয়ে তাঁদের উচ্ছেদ করে। এ কারণে কয়েকজন ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। ঢাকা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী ওসমান গনি বলেন, উচ্ছেদ অভিযানের বিষয়টি দুই দিন আগেই মাইকিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছিল।