সওজের ওয়ার্কচার্জ কর্মীদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) কর্মরত ওয়ার্কচার্জ শ্রমিক-কর্মচারীদের মধ্য থেকে যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে ৯ জানুয়ারি থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রাম পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানায় বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর দাবি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে ৯ জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ দিন এক ঘণ্টা করে জেলা পর্যায়ে সওজের কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। ১৬ জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ দিন জেলা পর্যায়ে দুই ঘণ্টা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। বিজ্ঞপ্তি।