সওজের কোটি টাকার জায়গায় হচ্ছে চেয়ারম্যানের দোকান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন মরিয়মনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান। এ ঘটনায় ৪ জানুয়ারি মুজিবুর রহমানের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়েছে।এলাকাবাসী জানায়, মরিয়মনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান চলতি মাসের শুরুর দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী এলাকার পূর্বপাশে সওজের প্রায় এক কোটি টাকা মূল্যের ৪০ শতক জায়গা দখল করে দোকানঘর নির্মাণ শুরু করেন।সরেজমিন দেখা যায়, মরিয়মনগর চৌমুহনীর পূর্বপাশে কাপ্তাই সড়কের দক্ষিণে সওজের জায়গার ওপর পাকা দোকানঘর নির্মাণ করছে দুজন শ্রমিক। তিন কামরার দোকানঘরে তলদেশ থেকে পাকা পিলার তোলার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। চেয়ারম্যান মুজিবুর রহমান দাবি করেন, দখল নয়, ক্রয়সূত্রে তিনি ওই জমির মালিক।সওজের রাঙ্গুনিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুল কাসেম বলেন, সওজের জমি ক্রয় বা বিক্রয়যোগ্য নয়। যে ব্যক্তির দখলে জমি থাকবে তাঁকেই দখলদার হিসেবে গণ্য করা হবে। মরিয়মনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্য দখলদারের কাছ থেকে সওজের জায়গা কেনার কথা সঠিক বলেননি। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।