সওজের খাল দখল করে বালু ভরাট
কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুরুলিয়া খালের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ডের পাশের একটি অংশ দখলে নিয়ে বালু ফেলে পুরোপুরি ভরাট করা হয়েছে। ফলে স্থানীয় ভাদুঘর গ্রামের সেচ প্রকল্পের পানি সরবরাহের পথটি বন্ধ হয়ে গেছে।খালটি ভরাট হওয়ার কারণে পৌর এলাকার কাউতলি, ভাদুঘরসহ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া, বিজেশ্বর ও উড়শীউড়া এলাকার হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়বে আশঙ্কা করছে এলাকাবাসী। বালুর ব্যবসা করার জন্য স্থানীয় ফেরদৌস মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তি খালটি দখল করেছেন। ভরাট শুরু করার প্রথম দিকে ব্রাহ্মণবাড়িয়া সওজের সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।যোগাযোগ করা হলে সওজের সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন জানান, খাল ভরাট করা কোনো সমস্যা নয়। সেচের সময় নালা করে দিলেই হবে। ঘুষ নিয়ে সমঝোতার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘সমঝোতা করলে থানায় জিডি করলাম কেন?’ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, সওজ কর্মকর্তারা শুধু জিডি করেই বসে রয়েছেন। এরপর তাঁরা আর কিছুই জানাননি। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কুরুলিয়া খালের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় বালু ফেলে পুরোপুরি ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বালু আনা-নেওয়ার কাজ করছেন পাঁচ-ছয়জন শ্রমিক। খোঁজ নিয়ে জানা গেল, ভাদুঘর গ্রামের ব্যবসায়ী ফেরদৌস মিয়া বালুর ব্যবসা করার জন্য ওই স্থানে সওজের খালের ৩০ শতক পরিমাণ জমি ভরাট করেছেন।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কমিশনার বাবর আলী জানান, এভাবে প্রকাশ্যে কেউ খাল ভরাট করতে পারে, তা ভাবাই যায় না। এর বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নিতে হবে। সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ভাদুঘরে খাল ভরাটের কারণে রামরাইল ইউনিয়নের তিন-চারটি গ্রামের কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়বে। এটা মেনে নেওয়া যায় না। এর একটা বিহিত করতে হবে।এ ব্যাপারে ফেরদৌস মিয়া বলেন, সড়ক ও জনপথ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেই তিনি সেখানে বালু ফেলেছেন। তারা পানির প্রবাহ ঠিক রাখার জন্য নালা করা দেওয়ার কথা বলেছে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। প্রসঙ্গত, গত আগস্টে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এলে এক সাংবাদিক ওই নির্বাহীর প্রকৌশলীর বিরুদ্ধে ফোন না ধরার অভিযোগ আনেন। পরে যোগাযোগমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁকে সতর্ক করে দেন।